সময় কলকাতা ডেস্ক:- ভারতীয় সেনার প্রত্যাঘাতে রীতিমতো কোমর ভেঙে গিয়েছে একাধিক পাক জঙ্গিগোষ্ঠীর। কিন্তু পাকিস্তান এবং সেদেশের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলি যে এরপর হাত গুটিয়ে বসে থাকবে না সেটা ভালোই জানে নয়াদিল্লি। তাই আগেভাগেই সেরে রাখা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। অপারেশন সিঁদুরের পরই সীমান্তবর্তী ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও প্রশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বেছে বেছে প্রিসিশন স্ট্রাইক করেছে। যদিও পাক সেনার কোনও পরিকাঠামোতে আঘাত হানা হয়নি। পাল্টা পাক সেনার তরফে প্রত্যাঘাতের হুমকিও দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শাহী বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।
তবে ইসলামাবাদ সরাসরি হামলা করার থেকে, ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে নাশকতার ঘটাতে পারে বলেই মনে করছে নয়াদিল্লি। তাই নেপাল ও পাকিস্তানের সঙ্গে যে সব রাজ্য সীমান্ত ভাগ করে নেয়, সেই সব রাজ্য প্রশাসনকে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের দাবি, অনুপ্রবেশ রুখতে রাজ্য প্রশাসনগুলির সহায়তা চেয়েছেন তিনি। যে সব রাজ্যের সীমান্তে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করছে বা করতে পারে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ করা হয়েছে, যাতে দ্রুত সীমান্ত থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়া হয় এবং তাঁদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই ভারতের কাছে অগ্রাধিকার। ওই বৈঠকে অমিত শাহ অপারেশন সিঁদুর সম্পর্কেও জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা ওই বৈঠকে ভারচুয়ালি উপস্থিত ছিলেন বাংলা, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং সচিবেরা।
পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যের পর পাকিস্তানের তরফ থেকে কোনওরকম হামলা রুখে দিতে দেশের আধা সেনার ছুটি বাতিলের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি যে জওয়ানরা বর্তমানে ছুটিতে রয়েছেন তাঁদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


More Stories
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস