সময় কলকাতা ডেস্ক:- চলতি মাসেই তৃণমূলে বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদলের ইঙ্গিত মিলছে। গত পাঁচ–ছ’ মাসে বিভিন্ন কারণে এই রদবদল বার বার পিছিয়েছে। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক অতীতে একাধিক বার বলেছেন, ঠিক সময়েই রদবদল হবে এবং তা হবে পারফরম্যান্সের মাপকাঠিতেই।
এক নেতার বক্তব্য, ‘২০২৬–এর এই মে মাসেই বিধানসভা ভোটের ফল বেরোনোর কথা। ফলে রদবদল করতে হলে দ্রুত করতে হবে। আরও দেরি হলে জেলা, ব্লকের নতুন নেতৃত্ব যথেষ্ট সময় পাবেন না ভোট–প্রস্তুতিতে।’ একই সঙ্গে সাংগঠনিক রদবদল নিয়ে একটি ভোটকুশলী সংস্থার পর্যবেক্ষণও তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে রয়েছে বলে একাধিক নেতার বক্তব্য। এই সব তথ্য–পর্যবেক্ষণের ভিত্তিতেই চলতি মাসে রদলবদলের সম্ভাবনা দেখছেন নেতারা।
২০২৪–এ ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক ঘোষণা করেছিলেন, লোকসভা নির্বাচনের ফলাফল–সহ একাধিক মাপকাঠি সামনে রেখে সংগঠনের বিভিন্ন স্তরে রদবদল করা হবে। গত বছর সেপ্টেম্বরে অভিষেক জানান, সংগঠনে রদবদলের খসড়া প্রস্তাব তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন।
দলনেত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের নেতা-কর্মীদের সভায় অভিষেক ফের জানান, রদবদল আসন্ন। জেলায় জেলায় সংগঠনে কোথায় ফাঁকফোকর রয়েছে, নির্দিষ্ট বিধানসভার কোন কোন বুথে সাংগঠনিক দুর্বলতা রয়েছে-গত ১৫ মার্চ দলের ভার্চুয়াল বৈঠকে অভিষেক সে নিয়ে ফের বিশদে জানান। তৃণমূল বিধায়করা তাঁদের বিধানসভা এলাকায় শাখা সংগঠন থেকে মূল সংগঠনের কোথায় অদলবদল প্রয়োজন—তার একটা খসড়া তালিকা দলীয় নেতৃত্বের কাছে জমা দিয়েছিলেন।
গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা এক নেতার কথায়, ‘মে–র ১০ তারিখের মধ্যেই একপ্রস্ত রদবদল ঘোষণার সম্ভবনা ছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর শুরু হওয়ায় সেই ঘোষণা একটু পিছিয়ে যেতে পারে।’
তৃণমূলের এক সাংগঠনিক জেলা সভাপতিরও বক্তব্য, ‘মুর্শিদাবাদ সফর সেরে দলনেত্রী কলকাতায় ফেরার পরেই রদবদল ঘোষণার সম্ভবনা ছিল। এখনকার পরিস্থিতিতে তা একটু পিছোতে পারে। তবে মে মাসের মধ্যেই রদবদল শুরুর প্রবল সম্ভবনা।’


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি