Home » বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! লাহোর, করাচি সহ একাধিক শহরে হামলা, ভারতকে দায়ী করছে পাকিস্তান

বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান! লাহোর, করাচি সহ একাধিক শহরে হামলা, ভারতকে দায়ী করছে পাকিস্তান

সময় কলকাতা ডেস্ক:- সাতসকালে আচমকা বাজতে শুরু করে সাইরেন। বাড়ি, দোকান থেকে ছুটে বেরিয়ে আসতে শুরু করেন সাধারণ মানুষ। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারিদিক! বৃহস্পতিবার সাতসকালে পাকিস্তানের লাহোরের পরিস্থিতি তৈরি হয় এমনই। বুধবারই পহেলগাঁওয়ে হামলার প্রত্যাঘাত করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ করে একাধিক জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক তার পরের দিনই পাকিস্তানে ফের বিস্ফোরণের আওয়াজ। তবে সকালে লাহোরে হামলার পরেই দুপুর গড়াতেই দেখা যায় করাচিতে বিস্ফোরণের ছবি। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, চকওয়াল, আট্টক, বাহাওয়ালপুর, মিঞাওয়ালি, ছোড়, করাচি সহ একাধিক জায়গায় ড্রোন হামলা হয়েছে। এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান।

সকালে লাহোরের ওয়ালটন এলাকার সামরিক ঘাঁটির কাছে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। তারপরেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয় এবং দেশের তিনটি বিমানবন্দর বন্ধ করে দেয় প্রশাসন। সেই লাহোরে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরণ হয় বন্দর শহর করাচির শরাফি গোঠের কাছে। ভারতীয় সেনা ইজ়রায়েলে তৈরি আত্মঘাতী ড্রোন ‘হারোপ’ ব্যবহার করে অসামরিক জনবসতি এলাকায় হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ তুলেছে পাকিস্তান।

পাকিস্তানের শহরগুলির মধ্যে সবথেকে বড় শহর হল করাচি। শুধু তাই নয়, দেশের অন্যতম বাণিজ্যিক-ব্যবসায়িক রাজধানী বলে গুরুত্ব পেয়ে থাকে। বিস্ফোরণগুলি হয়েছে শহরের শরাফি গোঠ এলাকায়। নিরাপত্তা বাহিনী ওই জায়গা থেকে কিছু ধাতব টুকরো উদ্ধার করেছে। বিস্ফোরণের ব্যাপকতা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ, উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলেছে। ‘অপারেশন সিঁদুরে’ গুঁড়িয়ে গিয়েছে একাধিক পাক জঙ্গিঘাঁটি! এরপর বৃহস্পতিবারও পাকিস্তানের অন্তত ১০ টির বেশি শহরে আছড়ে পড়ে ড্রোন। পাকিস্তানের অভিযোগ, ভারত লাগাতার পাকিস্তানের আকাশসীমায় ড্রোন পাঠাচ্ছে। হারোপ ড্রোন দিয়ে চলে হামলা।

পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের বিরুদ্ধে এসব অভিযোগ তুললেও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এখন মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য ভারত বিরোধী জনমত গড়ে তোলা। এটা এক ধরনের অসত্য প্রচারের যুদ্ধ। এসব করে অপারেশন সিঁদুরের জবাব দেওয়ার যুক্তিপূর্ণ রাস্তা খুঁজে বেড়াচ্ছে পাক সেনাবাহিনী।

About Post Author