Home » সীমান্তে পাক হামলা, ভারতের প্রত্যাঘাত, দেশের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা

সীমান্তে পাক হামলা, ভারতের প্রত্যাঘাত, দেশের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা

সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলে নাকা চেকিং। শুনশান রাস্তাঘাট। তবে সকাল থেকে শোনা যায়নি সাইরেনের শব্দ। এদিকে রাজধানী দিল্লিতেও নিরাপত্তা আরও জোরদার করা হল। বৃহস্পতিবার রাতেই নজরদারি বাড়ানো হয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ইন্ডিয়া গেট। দফায় দফায় চলে মাইকিং। পুলিশি টহল।
স্মৃতিস্তম্ভের কাছে কাউকে যেতে বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না। রীতিমতো মাইকিংও চলেছে। নিরাপত্তা বাড়ানো হল লালকেল্লা, কুতুব মিনারেও। চলে পুলিশি টহলদারি। বিভিন্ন মল, বাজার, হোটেল, জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

মেট্রো স্টেশন এবং বিমানবন্দরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আধা সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে বাণিজ্য নগরীতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে আটারি-ওয়াঘা সীমান্তেও।

শুক্রবার সকালেই চণ্ডিগড়, মোহালিতে আকাশপথে আক্রমণের সতর্কতা জারি করা হয়। সতর্কতা জারি করে এয়ারফোর্স স্টেশন। চণ্ডীগড়ে বাজতে শুরু করে এয়ার সাইরেন। শহরের বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ প্রশাসনের।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ৭ মে ভারতীয় সেনার এই ‘অপারেশন সিঁদুর’-র পর পাকিস্তান সেনা সীমান্তে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করে। এমনকী, ভারতের একাধিক সীমান্তবর্তী এলাকায় মিসাইলও ছোড়ে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করেছে। এই পরিস্থিতিতে দিল্লি-মুম্বই সহ একাধিক শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

About Post Author