Home » পাক সেনার ছাউনি ও লঞ্চ প্যাড ধ্বংস করল ভারত

পাক সেনার ছাউনি ও লঞ্চ প্যাড ধ্বংস করল ভারত

সময় কলকাতা ডেস্ক:- জম্মুর কাছে পাকিস্তানি সেনার ছাউনি ধ্বংস করে দিল ভারত। পাক সেনার ওই সমস্ত ছাউনি থেকে টিউব ড্রোন লঞ্চ করা হয়েছিল বলে অভিযোগ। পাক অধিৃকৃত জম্মু-কাশ্মীরের সিয়ালকোটের লুনি এলাকায় থাকা জঙ্গিদের লঞ্চ প্যাডও গুঁড়িয়ে দিয়েছে বিএসএফ। প্রতিরক্ষা দপ্তরের সূত্রকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। একই সঙ্গে শুক্রবার রাতে পাকিস্তান সেনার অন্তত চারটি এয়ারবেসে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে। উধমপুরের দিব্বার এলাকায় শনিবার সকালেও ধোয়া উঠতে দেখা গিয়েছে। রাজৌরি সেক্টরে একাধিক বাড়ি এবং সম্পত্তির নষ্টের খবর মিলেছে। এর পাশাপাশি পাঞ্জাবের জলন্ধরের গ্রামীণ এলাকায় ড্রোন সম্পর্কিত বিস্ফোরণের জেরে একটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

পহেলগামে জঙ্গি হামলার জবাব দিতে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারত। এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তার পর থেকেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গুলিগোলা বর্ষণ করছে পাক সেনা। ড্রোনের মাধ্যমেও হামলার চেষ্টা চালিয়েছে। যদিও পাকিস্তানের পাঠানো অধিকাংশ ড্রোনও ধ্বংস করে দিয়েছে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমস। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬ টি এলাকায় পাকিস্তানি ড্রোন ঢোকার চেষ্টা করেছিল। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক এলাকা।

About Post Author