Home » বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এখনই দিতে হবে : সুপ্রিম কোর্ট

বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এখনই দিতে হবে : সুপ্রিম কোর্ট

সময় কলকাতা ডেস্ক:- ফের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো মমতার সরকার। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এখনই মেটাতে হবে রাজ্যকে। শুক্রবার ডিএ মামলার অন্তর্বর্তী রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। চার সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মীকে বকেয়া ২৫ শতাংশ ডিএ দিতে হবে। এই নির্দেশের জেরে ডিএ মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। যদিও এই মামলার চূড়ান্ত ফয়সালা এখনও হয়নি। আগামী অগস্টে হবে এই মামলার পরবর্তী শুনানি।

কেন্দ্রীয় সরকারের কর্মীরা যে হারে ডিএ পান, সেই হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানায়, ডিএ সরকারি কর্মীদের অধিকার। কেন্দ্রের দেওয়া হারে তা রাজ্যকে দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। ২০২২ সালের নভেম্বরে প্রথম বার ডিএ মামলা ওঠে দেশের শীর্ষ আদালতে। এর পর থেকে গত কয়েক বছরে বারবার পিছিয়েছে ডিএ মামলার শুনানি। তার পর ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী রায়ে এই নির্দেশ দিল আদালত।

শুক্রবার ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এখনই বকেয়ার ২৫ শতাংশ দিতে হলে রাজ্যকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে। এই বিরাট আর্থিক বোঝায় রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী। কিন্তু আইনজীবীর আবেদনে সাড়া দেয়নি দেশের শীর্ষ আদালত।

About Post Author