সময় কলকাতা ডেস্ক:- এভারেস্ট শৃঙ্গ জয়ের তালিকায় আরও এক বাঙালি হিসেবে সামিল হওয়ার পরও আচমকাই শেষ হয়ে গেল পর্বত প্রেমী সুব্রত ঘোষের সফর। শৃঙ্গ ছোঁয়ার পরে নামার সময়েই মৃত্যুর কোলে ঢোলে পরলেন রানাঘাটের বাসিন্দা পেশায় শিক্ষক সুব্রত ঘোষ। এভারেস্টজয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, নামার পথে সাউথ সাইটের কাছাকাছি কোথাও অন্ধকারে আটকে পড়েছিলেন সুব্রত ঘোষ। সেখানেই মৃত্যু হয় তাঁর।
বৃহস্পতিবারই তাঁর শৃঙ্গ ছোঁয়ার খবর আসার পর বাড়িতে ছিল উৎসবের মেজাজ। সেই বাড়িতেই এখন শোকের ছায়া। রানাঘাট তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ। বাগদা ব্লকের কাপাসাটি মিলন বিথি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। ৪৫ বছর বয়সি এই শিক্ষকের বহুদিনের স্বপ্ন ছিল এভারেস্ট সামিট। ১০ বছরেরও বেশি সময় ধরে পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর-এর সদস্য সুব্রত ঘোষ। তবে সূত্রের খবর, এ বারের অভিযানে ক্লাবের তরফে শুধু রুম্পা দাস এবং অসীম কুমার মণ্ডলকেই পাঠানো হয়েছিল। সুব্রত ঘোষ অভিযানে সামিল হয়েছিলেন ব্যক্তিগত উদ্যোগে।
বৃহস্পতিবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছন সুব্রত ঘোষ এবং রানাঘাটের আরও একজন শিক্ষিকা রুম্পা দাস। রুম্পা গতকাল সন্ধ্যাতেই ক্যাম্প করে নেমে এসেছেন। প্রথমে তাঁরই অসুস্থ হয়ে পড়ার খবর মেলেছিল। কিন্তু শৃঙ্গ ছোঁয়ার সময়ে সুস্থই ছিলেন সুব্রত ঘোষ বলে জানা গিয়েছে। তবে আবহাওয়া সে সময়ে ছিল প্রতিকূল। সূত্রের দাবি, আবহাওয়া খারাপ থাকার কারণে শৃঙ্গে পৌঁছতে অনেকটাই সময় লাগে সুব্রত ঘোষ ও তাঁর সঙ্গীদের। তাঁর অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল বলে দাবি। রাতে তাঁর বেসক্যাম্পে না ফেরা নিয়ে উদ্বেগে ছিলেন পরিবার ও ক্লাবের সদস্যরা। পরে সকাল হতেই তাঁর মৃত্যুর খবর মেলে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি