সময় কলকাতা ডেস্ক:- ভারতের বুকে পাকিস্তান মদতপুষ্ট টিআইএফ জঙ্গিগোষ্ঠীর পহেলগাঁও হামলার প্রতিবাদে, এবার বিশ্বের কাছে পাক জঙ্গি মদতের প্রমাণ দিতে, বিদেশ যাবেন দেশের সাংসদরা।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের নৃশংস হামলার পর ভারত ও পাকিস্তান সম্প্রতি তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। পাল্টা জবাব দিতে ভারতও ‘অপারেশন সিন্দুর’- করে পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেয়। পাকিস্তানও প্রতিশোধ নিতে ভারতে ড্রোন হামলার চেষ্টা করে। যার ফলে উত্তেজনা বৃদ্ধি পায় এবং চার দিন ধরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।
যদিও যুদ্ধবিরতি নিয়ে গত ১০ মে ভারত এবং পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে সমঝোতা হয়। তবে তার পরেও সীমান্তের গ্রাম লক্ষ্য করে পাকিস্তান হামলা চালিয়েছিল বলে অভিযোগ ওঠে।
সমস্ত দলের সাংসদদের নিয়ে একটি প্রতিনিধিদল সাম্প্রতিক সংঘাত এবং পরিস্থিতির ব্যাপারে ভারতের অবস্থান সম্পর্কে বিদেশি সরকারগুলিকে অবহিত করার জন্য একটি আন্তর্জাতিক প্রচার কর্মসূচি শুরু করতে চলেছে নয়াদিল্লি, এমনটাই সূত্রের খবর।
জানা গিয়েছে, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বিদেশ সফরের সমন্বয় করছেন যা ২২ মে-এর পরে শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই এ ব্যাপারে সাংসদদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর। প্রতিটি প্রতিনিধিদলে ৫-৬ জন সাংসদ থাকবেন বলে জানা গিয়েছে। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ বিভিন্ন দেশে সফর করবেন।
সূত্রের খবর, সিনিয়র সাংসদদের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য বলা হয়েছে, যার দায়িত্ব মূলত এনডিএ সাংসদদের উপর থাকছে। ভারত ও পাকিস্তান, উভয় দেশের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তবর্তী সকল সামরিক কর্মকাণ্ডের উপর বিরতি বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।
চলমান উত্তেজনার মধ্যে, উভয় দেশের সামরিক অভিযানের মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও ‘আস্থা বৃদ্ধির পদক্ষেপ’ অব্যাহত রাখারও সিদ্ধান্ত নিয়েছেন। তবে এসবের মাঝেই পাকিস্তানের বিরুদ্ধে এবার কূটনৈতিক আক্রমণ শুরু করতে চলেছে ভারত। অপারেশন সিঁদুর-এর পর বিশ্বের কাছে পাক জঙ্গি মদতের প্রমাণ দিতে, বিদেশ যাবেন দেশের সাংসদরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?