Home » ‘সন্ত্রাসে মদত দিতে ব্যবহার করবে’ পাকিস্তানের আইএমএফ ঋণ বাতিলের দাবি রাজনাথের

‘সন্ত্রাসে মদত দিতে ব্যবহার করবে’ পাকিস্তানের আইএমএফ ঋণ বাতিলের দাবি রাজনাথের

সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে বহু আগেই। গত কয়েক বছর ধরে আইএমএফের ঋণের উপর টিকে রয়েছে শাহবাজের দেশ। সেই ধারা অব্যাহত রেখে ভিক্ষার ঝুলি নিয়ে ফের আইএমএফের কাছে যায় ইসলামাবাদ। তবে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য স্পষ্ট যুক্তি দেওয়া হয় ভারতের তরফে। অভিযোগ করা হয়, অতীতেও একাধিকবার ঋণ নিয়েছে পাকিস্তান। তবে সেই অর্থ তারা সঠিক কাজে ব্যবহার করেনি। সরাসরি সন্ত্রাসবাদে অর্থ জোগানের আশঙ্কা প্রকাশ করে ভারত জানায়, এই অর্থ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে অপব্যবহার করতে পারে ফলে এই ঋণ কোনওভাবেই দেওয়া উচিত নয়। ঋণের অর্থের অপব্যবহার হবে বলেও ভারতের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়। ভারত ফের ওই ঋণ নিয়ে আপত্তি জানাল। আগামী দিনে আন্তর্জাতিক মহলেও এ নিয়ে সরব হওয়ার ইঙ্গিত দিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতের আপত্তি উড়িয়েই পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করে আইএমএফ। অনেকে এর নেপথ্যে আমেরিকার হাত দেখছে।

শুক্রবার গুজরাটের ভুজ এয়ারবেসে যান রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর সেনাবাহিনীকে শুভেচ্ছা বার্তা দিতে সীমান্ত এলাকাগুলিতে সফর করছেন তিনি। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ২৩ মিনিটই যথেষ্ট ছিল। যতক্ষণে মানুষ প্রাতঃরাশ করেন, ততক্ষণে ভারতীয় বায়ুসেনা দেশের শত্রুদের শেষ করেছে।

পাকিস্তানকে একের পর এক বাণে বিদ্ধ করার পাশাপাশি ভুজে দাঁড়িয়ে রাজনাথ বলেন, আইএমএফ পাকিস্তানকে অর্থসাহায্য করছে মানে পরোক্ষে সেই সন্ত্রাসবাদকেই মদত দেওয়া হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রীর সাফ কথা, পাকিস্তানকে যে কোনও ধরনের সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য করা। ওরা সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্গঠনের জন্য মাসুদ আজহারকেও অর্থ সাহায্য ঘোষণা করেছে। ভারত চায়, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আন্তর্জাতিক অর্থভাণ্ডার।

পাকিস্তান বরাবর বিদেশি ঋণের অর্থে জঙ্গিদের শাঁসেজলে রাখার কাজ চালায়। জঙ্গিদের আর্থিক মদত দিয়ে ভারতের মানুষের উপর রাষ্ট্রের মদতে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য নিজেদের জমিকে ব্যবহার করতে দেয়। এবার ভারতে পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট টিআইএফ জঙ্গি সংঠনের হামলা, মৃত্যুমিছিল এবং তার পর নতুন করে তৈরি হওয়া ভারত-পাকিস্তানের সংঘাতের মাঝেই আন্তর্জাতিক অর্থভাণ্ডারকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

About Post Author