সময় কলকাতা ডেস্ক:- এপ্রিলের শেষে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মানুষও যাতে সহজেই দিঘার মন্দির দর্শনে যেতে পারেন, সেজন্য মঙ্গলবার উত্তরবঙ্গের ৬ টি জেলা থেকে দিঘাগামী ৬ টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিজনেস সামিট থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ, এই ৬ টি জায়গা থেকে প্রতিদিন দিঘার উদ্দেশে রওনা দেবে এই ভলভো বাস। মুখ্যমন্ত্রীর কথায়, উত্তরবঙ্গের কথা ভেবেই এই উদ্যোগ।
শিল্পায়নের স্বার্থে প্রতি বছরই কলকাতায় অনুষ্ঠিত হয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে অষ্টম বিজিবিএস। একইভাবে উত্তরেও শিল্পে জোয়ার আনতে শিলিগুড়িতে বিজনেস সামিটের আয়োজন করে রাজ্য। যেখানে ৮ টি জেলা থেকে একাধিক শিল্পপতি এবং উদ্যোগপতিরা উপস্থিত হন। কীভাবে উত্তরবঙ্গের শিল্পায়নে আরও বিকাশ ঘটানো যায়, তা নিয়েই এই বৈঠক। মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের জন্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’ ধরনের শিল্পে রাজ্য গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী জুলাইয়েই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়ে যাবে। এজন্য রাজ্যের ব্যয় হয়েছে ৫০১ কোটি টাকা।


More Stories
সব সরকার এক,আমাদের লোকেরা রাষ্ট্র বা সংবিধান বোঝে না : ক্ষুব্ধ বিজেপি সাংসদ
হাবড়ার মহিলার ঝুলি থেকে উদ্ধার হাফডজন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
বুলডোজার দিয়ে ভাঙা হল অভিষেকের কার্যালয়