সময় কলকাতা ডেস্ক:- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ক্ষেত্রে উদ্যোক্তা তিনিই, তাঁরই উদ্যোগে দুই দেশের মধ্যে সংঘর্ষ অস্তমিত হয়েছে, এমনই দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই দাবি মানতে নারাজ নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, ভারত-আমেরিকার মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ কী? কোন পথেই বা এগোবে? এসবের মাঝেই ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সদ্য সোশ্যাল মিডিয়া পোস্ট। পোস্টে বুঝিয়ে দিতে চাইলেন যে আলোচনা ঠিক পথেই এগোচ্ছে। আমেরিকার বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিকের সঙ্গে হাসি মুখে, হাত ধরা ছবি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, প্রথম দফার বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাঁদের।
যদিও কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা খোলসা করেননি কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী। ভারত এবং আমেরিকার মধ্যে বিগত কয়েক মাস ধরে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। কখনও আমেরিকার প্রতিনিধিদল ভারতে এসেছে আলোচনার জন্য, কখনও ভারতীয় প্রতিনিধিদল আমেরিকায় গিয়েছে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজিনার আবহে ট্রাম্পের একের পর এক মন্তব্য বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। এ কথা বলার কারণ, আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছিলেন ভারতে আর অ্যাপেলের জিনিস তৈরি না-করার জন্য অ্যাপেল কর্তা টিম কুককে প্রস্তাব দিয়েছেন তিনি।
সেই প্রসঙ্গেই তিনি আরও দাবি করেন, তাঁর ভারত থেকে নাকি নিঃশুল্ক বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা!
ট্রাম্পের ওই মন্তব্যের পরেই ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে দিয়েছিলেন, বাণিজ্য নিয়ে আলোচনা চলছে এবং কোনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। যতক্ষণ না চুক্তি সম্পন্ন হচ্ছে ততক্ষণ এই বিষয়ে মতামত দেওয়া উচিত নয়।
ঘটনাচক্রে, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ট্রাম্পের ওই মন্তব্যের পর এই প্রথম দুই দেশ বাণিজ্য নিয়ে আলোচনায় বসল। তারপরেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সোমবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্টে আমেরিকার বাণিজ্যসচিবের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা জানান। বৈঠকে কী কী বিষয় উঠে এসেছে, তা দু’পক্ষের কেউই এখনও প্রকাশ্যে আনেনি। যদিও সূত্রের খবর, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তিতে তিনটি ভাগ রয়েছে। এই চুক্তি নিয়ে জুলাই মাসের মধ্যে প্রাথমিক সিদ্ধান্তে আসতে পারে দুই দেশ।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের