Home » বুধে ঝেঁপে নামবে বৃষ্টি, অনেক জেলায় দুর্যোগের পূর্বাভাস

বুধে ঝেঁপে নামবে বৃষ্টি, অনেক জেলায় দুর্যোগের পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক:- গত কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ একাধিক জেলা। এর জেরে সাময়িকভাবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। তবে আপাতত কয়েকদিন এই রকমই আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

বুধবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তবে বিকেলের পর কলকাতার আকাশ মেঘলা হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনও বড়সড় পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এ দিন ওই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার সকালের দিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে বিকেলের পরে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভবনা রয়েছে।

About Post Author