Home » দিল্লি, কেরলে দ্রুত ছড়াচ্ছে করোনা, সতর্কতা জারি করল স্বাস্থ্য দফতর, জারি নির্দেশিকা

দিল্লি, কেরলে দ্রুত ছড়াচ্ছে করোনা, সতর্কতা জারি করল স্বাস্থ্য দফতর, জারি নির্দেশিকা

সময় কলকাতা ডেস্ক:- দেশজুড়ে এখন আবহাওয়া পরিবর্তনের সময়। দেশে ধীরে ধারে প্রবেশ করছে বর্ষা। জ্বর, সর্দি, কাশি ঘরে ঘরে। এই আবহে হঠাৎ করে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ! তার মধ্যে দক্ষিণ ভারতের কেরলের অবস্থা খারাপ। ওই রাজ্যে মে মাসে এখন পর্যন্ত ২৭৩ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। ওদিকে রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। ২৩ জনের বেশি নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার জেরে নতুন নির্দেশিকা জারি করে হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখতে নির্দেশিকা দিয়েছে দিল্লি স্বাস্থ্যদফতর।

কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেরলে কোট্টায়ামে ৮২ জনের বেশি কোভিডে আক্রান্ত। তিরুঅনন্তপুরমে ৭৩ জনের বেশি আক্রান্ত। এর্নাকুলামে সেই সংখ্যা ৪৯-এর বেশি। সাধারণ মানুষকে প্রয়োজনে মাক্স পরার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে দিল্লিতে বাড়তে থাকা করোনার প্রকোপকে মাথায় রেখে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যদফতর।

সরকারি সূত্রে জানানো হয়েছে, জাতীয় রাজধানী এলাকা বা এনসিআর ভুক্ত নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার বিকালে দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে সব হাসপাতালকে সতর্ক করেছে।

তাতে বলা হয়েছে, করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা করতে হবে। এছাড়া ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের জোগান স্বাভাবিক রাখতে বলা হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করেছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকার আটজনকে উচ্চপর্যায়ের দল গঠন করেছে।

তবে শুধু এই দুই রাজ্য নয়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, কর্ণাটক-সহ একাধিক রাজ্যের বাসিন্দারা কোভিডে আক্রান্ত হয়েছেন। গুজরাটে ১৫ জনের বেশি করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার। তবে এই ভ্যারিয়ান্ট মারণ নয় বলেই জানা গিয়েছে। তবে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের বিশেষভাবে সতর্ক হওয়ার কথা বলছেন চিকিৎসকরা।

About Post Author