Home » ত্রিকোণ প্রেমের সম্পর্ক-র জের? ফের আমডাঙায় চলল গুলি!

ত্রিকোণ প্রেমের সম্পর্ক-র জের? ফের আমডাঙায় চলল গুলি!

সময় কলকাতা ডেস্ক:- ফের গুলি চলল আমডাঙায়। তবে, রাজনৈতিক কারণে নয়। এ বার গুলি চলেছে ব্যক্তিগত বিবাদের জেরে। সেই বিবাদের জেরে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে। গুলি চালানোর অভিযোগ উঠেছে এলাকার গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটেছে আমডাঙার তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পদ্মলাভপুর এলাকায়। জখম অবস্থায় মুশিয়ার রহমান ওরফে মুশিয়ার মণ্ডলকে ভর্তি করা হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওমর আলির ছেলে আরিফুলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এক সময়ে মুশিয়ারের সঙ্গে বন্ধুত্বর সম্পর্ক ছিল আরিফুলের। অভিযোগ, মুশিয়ারের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল আরিফুলের।

তবে, স্থানীয় সূত্রে খবর, দু’জনে মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে তা ভেঙে যায়। দু’জনের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল বহুদিন ধরেই। এই সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে টানাপোড়েনও ছিল। মঙ্গলবার রাতে পদ্মলাভপুর এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে মুশিয়ারকে দেখতে পান আরিফুল। অভিযোগ, সেখানেই আচমকা গুলি চালান আরিফুল। সেই গুলি মুশিয়ারের ডান গাল ছুঁয়ে বেড়িয়ে যায়।

এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উপ-প্রধানের ছেলের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র আসলো তা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

About Post Author