সময় কলকাতা ডেস্ক:- সকাল সকাল উত্তেজনা পূর্ণ বারাসাত। অভিযোগ, রাজীব গান্ধীর শহীদ বেদী সরিয়ে ফেলার পিছনে সম্পূর্ণ মদত আছে বারাসাত পুরসভার প্রধান অশনি মুখার্জীর। বারাসাত ২৭ নম্বর ওয়ার্ড নতুনপুকুর বটতলা মোড়ে রাজীব গান্ধীর শহীদ বেদী সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে। ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর বারাসাতের নতুনপুকুর এলাকায় তার শহীদ বেদী স্থাপন করা হয়েছিল। তবে সেই বেদী, গতকাল রাতে পুরসভার পক্ষ থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন বারাসাত শহর কংগ্রেস নেতৃত্ব।
প্রসঙ্গত গত ২৮ মে, ওই এলাকায় বারাসাত পুরসভার প্রাক্তন পুরপিতা তথা বিধায়ক প্রয়াত গোপাল মুখার্জির মূর্তি স্থাপনের উদ্দেশ্যে খোদ পুরপ্রধান পৌঁছেছিলেন ভিত পুজোয়। সেই ছবিও তার ফেসবুক ওয়ালে শেয়ার করা হয়। তবে তারপরও তিনি স্পষ্ট দাবি করেন শহীদ বেদী সম্পর্কে কিছুই জানতেন না তিনি। তার নজরে ওই শহীদ বেদী চোখে পড়েনি।
পুরসভা সূত্রে জানা গেছে, এই কাজ সম্পর্কে অনেকেই অবগত নন পুরসভার।পাশাপাশি পুরপ্রধানের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ বেদী সরিয়ে ফেলা এবং পরবর্তীতে সে বিষয়ে অবগত নন বলে দাবি মন্তব্যকে ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত গোপাল মুখার্জির মূর্তি স্থাপন নিয়ে কোনো বিদ্বেষ প্রকাশ না করা হলেও, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শহীদ বেদী রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে সরিয়ে ফেলার তীব্র ধিক্কার জানানো হয়েছে। প্রয়াত রাজীব গান্ধী শুধুমাত্র কংগ্রেস দলের আবেগ নয়, সমগ্র দেশের আবেগ সুতরাং এই পদক্ষেপ পুরসভার মোটেও ঠিক নয় বলে দাবি করেন তারা।
যদিও এই বিতর্ক নিয়ে পুরপ্রধান বলেন, আমি জানতাম না এলাকার ওই শহীদ বেদী সম্পর্কে, তবে কাজের শেষে পুনরায় প্রতিস্থাপন করা হবে ওই শহীদ বেদী। দল বিভাজনের আগে আমিও একজন সক্রিয় কর্মী ছিলাম কংগ্রেসের। সুতরাং আমারও আবেগ জড়িয়ে রয়েছে। ঐ শহীদ বেদী সযত্নে পুরসভার তত্ত্বাবধানেই আছে।বর্তমান প্রদেশ কংগ্রেস দল এই কাজগুলি করে পুরসভার বদনাম এবং সংবাদমাধ্যমের শিরোনামে আসার চেষ্টা করেছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?