Home » সম্পর্কের বরফ গলছে! কানাডার জি৭ সম্মেলনে আমন্ত্রণ পেলেন মোদি

সম্পর্কের বরফ গলছে! কানাডার জি৭ সম্মেলনে আমন্ত্রণ পেলেন মোদি

সময় কলকাতা ডেস্ক:- চলতি মাসেই কানাডার আলবার্টা প্রদেশের কানানাসকিস শহরে হতে চলেছে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কোনও আমন্ত্রণ না আসায় মনে করা হয়েছিল এবার ভারত ব্রাত্য। কিন্তু তেমন কিছুই হয়নি। শুক্রবার নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই সম্মেলনে মোদি যাবেন বলেও জানিয়েছেন। ভারত যে এই সম্মেলনে যোগ দিতে আগ্রহী, সেকথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রীকেও।

মোদি লিখেছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফোন এসেছিল। তিনি আনন্দিত-উচ্ছ্বসিত। অতি সাম্প্রতিক নির্বাচনে তাঁর জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। এবার জি৭ বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান মোদি।

সঙ্গে মোদি এও জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকেই কানানাস্কিসে জি৭ বৈঠকে যোগ দেবে ভারত। আর সেক্ষেত্রে ভারত অত্যন্ত আগ্রহী। গ্রুপ অব সেভেন হল একটি আন্তঃসরকারি রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম। এটির সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই মঞ্চের সদস্য।

ভারত সহ বেশ কিছু বড় অর্থনীতির দেশ সরাসরি জি-৭’এর সদস্য না হলেও এই গোষ্ঠীতে ভূমিকা নিয়ে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ভারত, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাকে জি-৭-এর সদস্য করা হোক। এবারের সম্মেলনে আমন্ত্রণে ভারত-কানাডা সম্পর্কে যে শীতলতা চলেছিল, তা কিছুটা হলেও প্রশমিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তার উল্টো দিকে হেঁটে পথ খুলে দিচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার আগের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময়ে দু-দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল, কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নিজ্জর সিংহের হত্যাকাণ্ডের দায় ভারতের উপর চাপানোয়।

তাঁর বক্তব্য ছিল, ভারতীয় এজেন্ট খুন করেছে নিজ্জরকে। ভারতীয় বংশোদ্ভুত এই বিচ্ছিন্নতাবাদী তথা জঙ্গি কানাডার নাগরিক ছিল। সেই বিবাদের জেরে দুই দেশরই কূটনৈতিক সম্পর্ক খানিকটা তলানিতে ঠেকে। কূটনীতিকদের ফিরিয়ে দেয়। গত মাসে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতি হবে আশা করা হয়েছিল।

কানাডার নতুন বিদেশ মন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে ফোনে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এবার কানাডার জি৭ সম্মেলনে আমন্ত্রণ পেলেন মোদি। আগামী ১৫-১৭ জুন দুদিন ব্যাপী জি৭ সম্মেলন আয়োজিত হতে চলেছে। আর এবারে আয়োজক কানাডা। আর সে কারণেই কানাডার প্রধানমন্ত্রী ফোন করে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। রীতি অনুযায়ী, আয়োজক দেশ জি৭ জোটের বাইরে থাকা কিছু দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়। এই সম্মেলনে কার্নি-মোদি সাক্ষাৎ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন ইঙ্গিত নিয়ে আসতে পারে।

About Post Author