Home » রাধিকাপুর-দিল্লি চলন্ত ট্রেনে ধোঁয়া! যাত্রীরা আতঙ্কে

রাধিকাপুর-দিল্লি চলন্ত ট্রেনে ধোঁয়া! যাত্রীরা আতঙ্কে

সময় কলকাতা ডেস্ক:- রাধিকাপুর-দিল্লিগামী চলন্ত ট্রেনে ধোঁয়া। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। ট্রেনটি রাধিকাপুর থেকে দিল্লি যাচ্ছিল। এ দিন সকালে ট্রেনটি লক্ষ্মীপুর রেলগেটে পৌঁছতেই ওই ট্রেনের চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

তবে রেল সূত্রে খবর, ওই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ত্রুটি মেরামতির পরে গন্তব্যের দিকে রওনা দিয়েছে ট্রেনটি।

সূত্রের খবর, কালিয়াগঞ্জ ব্লকের ২ নং ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্মীপুর রেলে গেটে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ইঞ্জিনের পিছনের বগির জেনারেটর ভ্যানের ব্রেকে সমস্যার কারণেই আচমকা এই ধোঁয়া বের হয়। অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন লোকো পাইলট নিজেই। এই ঘটনার জেরে নির্ধারিত সময়ের থেকে প্রায় ৪০ মিনিট দেরিতে কালিয়াগঞ্জ থেকে দিল্লি রওনা হয় ট্রেনটি।

সূত্রের খবর, এ দিন সকালে দিল্লিগামী রাধিকাপুর এক্সপ্রেস ১১টা নাগাদ রাধিকাপুর থেকে রওনা দেয়। ট্রেনটি লক্ষ্মীপুর রেল গেটে পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের নজর আসে ইঞ্জিনের পিছনের বগির চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। তাঁরাই ট্রেনটিকে রেল গেটের উপর দাঁড় করিয়ে দেন। হতাহতের কোনও খবর নেই। তবে ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।

About Post Author