Home » এবার রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর হয়ে আরও সহজে পৌঁছে যান এনজেপি

এবার রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর হয়ে আরও সহজে পৌঁছে যান এনজেপি

সময় কলকাতা ডেস্ক:- শিয়ালদহ থেকে জলপাইগুড়ি পর্যন্ত নতুন ট্রেন চালুর ব্যাপারে আগেই জানিয়েছিল রেল। এই এক্সপ্রেস শিয়ালদহ থেকে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর হয়ে ভায়া এনজেপি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে। আগামী ১৪ জুন, শনিবার জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চলবে। এর পরে শিয়ালদহ এবং জলপাইগুড়ির মধ্যে রেগুলার সার্ভিস চালু হবে আগামী ২০ জুন থেকে। শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেন থাকলেও এই নৈহাটি, কৃষ্ণনগর থেকে এই ট্রেন যাওয়ায় ওই সমস্ত এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবেন। সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন বাড়ার ফলে সার্বিক ভাবে যাত্রীদের সুবিধা হবে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি রেলবোর্ড থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে এই রুটে নতুন ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়। মাঝে কিছুটা সময় অতিবাহিত হয়েছে। অবশেষে ১৪ তারিখ শিয়ালদহ-জলপাইগুড়ি রোড রুটে নতুন ট্রেন চালু হচ্ছে। শিয়ালদহ-জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস নিয়মিত ভাবে চালু হচ্ছে ২০ জুন থেকে। শিয়ালদহ থেকে ১৩১১৫ এক্সপ্রেস প্রতি শুক্রবার এবং ১৩১১৬ এক্সপ্রেস প্রতি শনিবার চলবে।

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ-জলপাইগুড়ি রোড ট্রেনটি (১৩১১৫) শুক্রবার রাত ১১.৪০ মিনিটে ছাড়বে এবং জলপাইগুড়ি রোড পৌঁছবে শনিবার বেলা ১২ টায়। অন্যদিকে, জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহগামী (১৩১১৬) ট্রেনটি রাত সাড়ে আটটায় ছেড়ে পরের দিন সকাল ৮.১০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। দুটি ট্রেনই নিউ জলপাইগুড়ি, আলুবাড়ি রোড, কিষাণগঞ্জ, বরসোই জংশন, সামসি, মালদা টাউন, নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, বহরমপুর ক্যান্টনমেন্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট, নৈহাটি স্টেশনে থামবে।

১৪ জুন বেলা ২টো নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি, আলুবাড়ি রোড, কিষানগঞ্জ, বরসোই জংশন, সামসি, মালদা টাউন, নিউ ফরাক্কা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, বহরমপুর ক্যান্টনমেন্ট, কৃষ্ণনগর সিটি জংশন, রানাঘাট, নৈহাটি হয়ে শিয়ালদহ পৌঁছবে বিকেল চারটে নাগাদ।

About Post Author