Home » বিধানসভায় স্পিকারের কাছে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল, কী দাবি?

বিধানসভায় স্পিকারের কাছে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল, কী দাবি?

সময় কলকাতা ডেস্ক:- অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে আমরণ অনশনে বসেছেন ১০ জন চাকরিহারা শিক্ষক।

তাঁদের বক্তব্য, এভাবে হকের চাকরি কেড়ে নিতে দেব না। অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে। এবার এই দাবি নিয়েই শুক্রবার দুপুরে বিধানসভায় পৌঁছে গেলেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চের এক প্রতিনিধি দল। পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার এবং স্মৃতি রায়। স্পিকারের হস্তক্ষেপ চেয়ে আগেই আবেদন জানিয়েছিল মঞ্চ।

সেই আবেদনে সাড়া দেন স্পিকার। তারপরই শুক্রবার দুপুরে মঞ্চের তরফে পাঁচ প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে দেখা করতে পৌঁছন। স্পিকারের কাছে তাঁরা নিজেদের দাবির কথা জানান।

নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যালেনটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে মে মাসের শুরু থেকে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। এখনও সেই আন্দোলন চলছে। শুক্রবার স্পিকারের কাছে কী কী দাবি জানালেন চাকরিহারা শিক্ষকরা? জানা গিয়েছে, যে পাঁচ দফা দাবিতে অনশন চলছে সেই পাঁচ দফা দাবিই এদিন স্পিকারকে জানিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, স্পিকার চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, বিষয়টি আদালতের বিচারাধীন, তবে সরকারের তরফে আইন মেনে সব ধরনের সহযোগিতা করা হবে।

About Post Author