Home » ‘বেস লেভেল হওয়া উচিত ২০২৪’, ভোটার পরিমার্জন নিয়ে বড় দাবি রাখল তৃণমূল; কী বলছে কমিশন?

‘বেস লেভেল হওয়া উচিত ২০২৪’, ভোটার পরিমার্জন নিয়ে বড় দাবি রাখল তৃণমূল; কী বলছে কমিশন?

সময় কলকাতা ডেস্ক:- বিহারের ভোটে কমিশনের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক জারি। ভোটার তালিকা পরিমার্জন নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। রাজ্যে ভোটের যখন আর কয়েক মাস বাকি, তার আগে সুর চড়িয়েছে আরজেডি-ও। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির তোপের পর তোপের মুখে কিছুটা বলেও অন্যপথে চলতে চাইছে কমিশন। দেওয়া হচ্ছে ছাড়।

এরইমধ্যে মঙ্গলবার দিল্লির সদর দফতরে কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ওনারা কিছুটা সরে আসছেন। বিবেচনা করবেন বলছেন।

শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল সব সময় চেয়েছে কারোর নাম যেন বাদ না যায়। রিভিউ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কমিশনের সংশ্লিষ্ট নির্দেশিকায় যাঁরা ১৯৮৭ সালের পরে জন্মেছেন তাঁদের মা-বাবার জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত তথ্য দেওয়ার শর্ত ছিল।

এখন যদিও তা থেকে কমিশন কিছুটা সরে এসেছে। কল্যাণ বলেন, কমিশনের সঙ্গে বৈঠকে কর্তারা বারবার বলছেন তৃণমূলের দাবি ‘বিবেচনা’ করার কথা বলছেন।

তৃণমূলের দাবি, ২০২৪ সালে যে সব ভোটার আছে সে সব ভোটার লিস্টে থাকবেই কোনও শর্ত ছাড়াই।

মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানার নির্বাচনেও আগেও একাধিকবার বিতর্ক হয়েছে। সে কথাও কমিশনের কর্তাদের মনে করিয়েছেন কল্যাণরা।

কী করে ভোটের তিন থেকে চার মাস আগে বড় অংশের ভোটারের নাম যোগ হয়ে যাচ্ছে তালিকা? প্রশ্ন বিরোধীদের।

এই প্রসঙ্গ বৈঠকেও উঠেছিল বলে দাবি কল্যাণের।

আগেই দিঘা থেকে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেস। সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার পথে নামতে চলেছে ইন্ডিয়া জোট।

জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যৌথ কর্মসূচি নেবে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুর পথে এনআরসি চালুর প্রচেষ্টার অভিযোগের পর প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা।

কী কর্মসূচি নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে।

About Post Author