সময় কলকাতা ডেস্ক:- রাজ্য রাজনীতির কেন্দ্রে একটাই প্রশ্ন ছিল —কে হচ্ছেন আগামী রাজ্য বিজেপি সভাপতি ? নাম ঘিরে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। বুধবার সেই সম্ভাব্য জল্পনার অবসান হয়ে গেল। দিল্লি থেকে ফিরে বুধবার বঙ্গ বিজেপির সভাপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
সূত্র বলছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই পদক্ষেপ নেন শমীক। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। তিনিই যে এগিয়ে রয়েছেন তাও শোনা যাচ্ছিল। যদিও অনেকেই বলছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে ফের সুকান্ত মজুমদারের উপরেই আস্থা রাখতে পারে দল। যদিও আরএসএসের একাংশ চাইছিলেন শমীককেই। বুধবার মনোনয়নের সময়সীমা শুরু হতেই দেখা যায় শমীক ভট্টাচার্য আসেন নমিনেশন জমা দিতে। সাথে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। তাঁরাই বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির পদে প্রস্তাব করেন শমীকের নাম।
এ ছবিতেই স্পষ্ট শমীকই হচ্ছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি। একসময় যে দায়িত্ব ছিল তপন সিকদার, দিলীপ ঘোষদের কাঁধে তা এবার সামলাবেন শমীক। একটু পিছনের দিকে তাকালে দেখা যাবে চব্বিশ থেকেই শমীকের রাজনৈতিক ক্যারিয়ার নতুন মোড় নিতে শুরু করে। অথচ ২০২২ সালে কোর কমিটিতেও জায়গা হয়নি তাঁর। দীর্ঘ ৪২ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। জনসংঘের সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তীতে বিজেপি। একইসঙ্গে আরএসএস-ও করতেন। হাওড়া জেলা থেকে জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যুক্ত হওয়া। ১৯৭১ সাল থেকেই আরএসএসে।
জিতেছিলেন একবারই
২০১৪ সালের বিধানসভার উপনির্বাচনে জয়ী হন বসিরহাট দক্ষিণ থেকে। যদিও সেই জয়ের পর পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাঁকে। ২০১৬ সালের ভোটে আবার বসিরহাট দক্ষিণ কেন্দ্রে দীপেন্দু বিশ্বাসের কাছে হেরে যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র লড়ে সৌগত রায়ের কাছে পরাজিত হন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে লড়েন। কিন্তু হেরে যান তৃণমূলের অদিতি মুন্সির কাছে।
নাবালক বয়স থেকেই বিজেপিতে
যদিও এরইমধ্যে পৌঁছে যান সংসদে ২০২৪ সালের ৪ এপ্রিল রাজ্যসভার সাংসদ হন শমীক। ২০২৪ সালে কোর কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ প্রায় ৪৪ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার মনোনয়ন পেশ করেন। আর কেউ মনোনয়ন দেননি।
তাই বিনা লড়াইয়ে সুকান্ত মজুমদারের জুতোয় পা গলালেন বিজেপির আদিকর্মী শমীক।
ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বঙ্গ রাজনীতির হাল ধরছেন তিনি। বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের রোগ কি সারাতে পারবেন তিনি? সেদিকে নজর থাকবে সকলের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?