Home » গুজরাটে ব্রিজ বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা

গুজরাটে ব্রিজ বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা

সময় কলকাতা ডেস্ক:- ব্রিজ ভেঙে নদীতে গাড়ি পড়ে গুজরাটে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় বুধবার শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হল প্রধানমন্ত্রীর তরফে। অন্যদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার নেপথ্যে উঠে আসছে গাফিলতির তত্ত্ব।

বর্তমানে ব্রিকস উপলক্ষে ব্রাজিল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই এই দুর্ঘটনার খবর শোনার পর শোকপ্রকাশ করেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গুজরাটের ভদোদরা জেলায় সেতু ভেঙে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক। এই দুর্ঘটনায় যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

এদিন ব্রিজ ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি। এই ঘটনা অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে, গুজরাটের মহিসাগর নদীর উপর ভদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী অত্যন্ত ব্যস্ততম ব্রিজ এটি। বুধবার সকাল ৮টা নাগাদ গাড়ি চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। যার জেরে একাধিক লরি, গাড়ি ও বাইক নদীতে গিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতু ভেঙে পড়ার জেরে দুটি ট্রাক, অটোরিকশা ও গাড়ি নদীতে পড়ে যায়। একটি ট্রাক ব্রিজের মুখে আটকে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ, দমকলবাহিনী ও ডুবুরি দল। বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে অনুমান, ব্রিজটি প্রায় ৪৩ বছরের পুরনো। ফলে এমনিতেই দুর্বল ছিল ব্রিজটি। তার উপর গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। যদিও প্রশ্ন উঠছে, ব্রিজটি এত পুরনো হওয়া সত্ত্বেও কেন সেটির পরিদর্শন ও মেরামত করা হয়নি।

About Post Author