Home » ফের ভেঙে পড়ল সেতু, বিহারের পর এবার গুজরাট, ব্রিজ ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি

ফের ভেঙে পড়ল সেতু, বিহারের পর এবার গুজরাট, ব্রিজ ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি

সময় কলকাতা ডেস্ক:- ২০২৪ সালের শেষ দিকে বিহারে একই ব্রিজ ভেঙে পড়ে তিনবার। তারপরই প্রশ্ন উঠেছিল বিভিন্ন ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে। এবার গুজরাটে ব্রিজ ভেঙে একের পর এক গাড়ি পরল নদীতে। বুধবার গুজরাটের ভাদোদরায় মহিসাগর নদীর উপর ভেঙে পড়ে গম্ভীরা ব্রিজ। সেই সময় ব্রিজে থাকা অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায়। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত একাধিক।

সরকারি মতে বুধবার সকাল সাতটা নাগাদ মহিসাগর নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা ব্রিজ। সেই সময় ব্রিজের উপর একটি ট্রাক, একটি ভ্যান ও দুটি গাড়ি যাচ্ছিল। ব্রিজ ভেঙে পড়ায় গাড়িগুলি সোজা নদীতে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত এর আগে ২০২২ সালে গুজরাটে ব্রিজ ভেঙে প্রাণ হারিয়েছিল অন্তত ১৩৪ জন, আহত হয়েছিলেন বহু মানুষ। মোরবির ১৪০ বছরের ওই পুরনো ব্রিজ সংস্কারের কাজ চলছিল। সেই সময়ও ঘটেছিল দুর্ঘটনা। পুরনো স্মৃতি উস্কে দিয়ে গুজরাটে আবার ভেঙে পড়ল ব্রিজ। সূত্রের খবর প্রবল বৃষ্টির কারণে এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ না থাকার কারণে এই ব্রিজ বিপর্যয়।

About Post Author