Home » নীতি আয়োগকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী; পত্রবোমার পরই পদক্ষেপ নীতি আয়োগের

নীতি আয়োগকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী; পত্রবোমার পরই পদক্ষেপ নীতি আয়োগের

সময় কলকাতা ডেস্ক:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরই পদক্ষেপ নীতি আয়োগের। বিতর্কিত মানচিত্র বদলে নতুন করে আপলোড করা হল বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্ট। দুদিন আগেই বড়সড় বিভ্রাট নজরে এসেছিল নীতিআয়োগের রিপোর্টে। বিহারকে পশ্চিমবঙ্গ হিসেবে মানচিত্রে দেখানোয় তীব্র সমালোচনায় মুখর হল তৃণমূল কংগ্রেস। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নীতি আয়োগকে চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী।

তাঁর চিঠির পরেই নীতি আয়োগ ক্রটি সম্পন্ন রিপোর্টটি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। পরে তা সংশোধন করে আবার প্রকাশ করা হয়। কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ এই নীতি আয়োগ। অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে মারাত্মক ভুল প্রকাশ্যে আসে মঙ্গলবার। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টের যে প্রচ্ছদ তৈরি হয়েছিল সেই প্রচ্ছদের ম্যাপে বাংলাকে দেখানো হয় বিহারের জায়গায়।

এই ‘বিভ্রাট’ নিয়ে স্বাভাবিকভাবেই সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ফুঁসে উঠলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী দাবি করলেন, এটা কোনও অনিচ্ছাকৃত ভুল নয়। এটা রাজ্যের প্রতি অসম্মানের বহিঃপ্রকাশ।

এদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সোশাল মিডিয়ায় এ নিয়ে সরব হন। নীতি আয়োগের ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে সাকেতের প্রশ্ন, কেন্দ্র সরকার বাংলাকে মানচিত্রের সঠিক জায়গাতেই রাখতে জানে না। এটা লজ্জাজনক। বাংলা থেকে ওদের ১২ জন সাংসদ আছে, দু’জন কেন্দ্রীয় মন্ত্রী। তাও নির্লজ্জভাবে ওরা বিহারকে বাংলা হিসাবে দেখিয়েছে।

সাকেত গোখলে বলছেন, বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সব রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা করছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছে, নীতি আয়োগের কাছে আশা ছিল নীতিগত স্পষ্টতার, কিন্তু তারা তো গোটা বাংলাকেই বিহার বলে চালিয়ে দিল সরকারি নথিতে! পুরো বিষয়টিকে বিজেপির বাঙালি বিরোধী মানসিকতার প্রতিফলন এবং বাংলার অপমানের চেষ্টা হিসাবে দেখছে তৃণমূল।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসকদলের দাবি ছিল, অবিলম্বে নীতি আয়োগকে এ বিষয়ে ক্ষমা চাইতে হবে। এবং ভুল সংশোধনের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই পত্রবোমার পর পদক্ষেপ করে নীতি আয়োগ। ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে দেওয়া হয়। এবং পরে বাংলার সঠিক মানচিত্র আপলোড করা হয়।

About Post Author