সময় কলকাতা ডেস্ক:- অমানবিকতার ছবি ধরা পড়ল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। করিডরে পড়ে থাকা মৃতদেহ খুবলে খেল কুকুর। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। মৃতের পরিচয় জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার ডঃ সঞ্জয় মল্লিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, করিডরে পড়ে থাকা দেহটি সকালে প্রথম দেখতে পান সাফাই কর্মীরা। রক্তে ভেসে থাকা করিডরের ছবি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাসপাতাল প্রশাসনকে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রোগীদের পরিবারের সদস্যদের দাবি, অনেক সময়েই হাসপাতাল চত্বরে ভবঘুরেদের দেখতে পাওয়া যায়। রাতে বিভিন্ন করিডরে শুয়েও থাকেন অনেকে। রোগীর পরিবারের লোকজন তাঁদের খাবার দিয়ে সাহায্য করেন। এরকমই কেউ অঙ্কোলজি বিভাগের পাশের করিডরে বুধবার রাতে ছিলেন বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর হাসপাতাল চত্বরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো জায়গায় কীভাবে একটি মৃতদেহ দীর্ঘ সময় ধরে পড়ে থাকল? কুকুরেরা কীভাবে অবাধে হাসপাতালের ভিতরে প্রবেশ করল?
মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কাম সুপার ডঃ সঞ্জয় মল্লিক জানান, হাসপাতাল চত্বরে ভবঘুরে এবং রাস্তার কুকুর নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা ভোগ করতে হচ্ছে। তিনি বলেন, ‘ঠিক কী ঘটনা ঘটেছে, তা নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা আগেই পশুপালন দপ্তরকে বলেছিলাম রাস্তার কুকুরদের কিছু ব্যবস্থা করতে। তা এখনও হয়নি। পুরো ঘটনাটি জানিয়ে আমি স্বাস্থ্য দপ্তরে একটি রিপোর্ট জমা দেব।’
বৃহস্পতিবার সকালে জানাজানি হতে স্বাস্থ্যকর্মীরা দেহটি সরিয়ে নিয়ে যান মর্গে। তবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ধরনের ঘটনা নতুন নয়। ২০২২ সালের ৩০ মে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে আসা আহত রোগীর কাটা হাত মুখে করে ঘুরতে দেখা গিয়েছিল একটি কুকুরকে। বৃহস্পতিবারের ঘটনাতেও হাসপাতালে চত্বরে শোরগোল শুরু হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ এবং রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার