সময় কলকাতা ডেস্ক:- সংসদে ২১ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। এবারের অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে কারণ অপারেশন সিঁদুরের পর এটাই প্রথম অধিবেশন হতে চলেছে। সেই অধিবেশনের আগেই ফের মান-অভিমান কাটিয়ে ফের একজোট ইন্ডিয়া। শনিবার সন্ধ্যায় ইন্ডিয়া পার্টির শীর্ষ নেতৃত্বের বৈঠক হতে চলেছে। তবে মুখোমুখি নয়, ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে।
কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়ার জোট বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন কিনা নজর সেদিকেই।
জানা গিয়েছে, বাদল অধিবেশনের আগে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে বিহার ভোটের আগে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরতেই ফের ইন্ডিয়ার জোট নেতৃত্বের বৈঠক, তা কার্যত স্পষ্ট। প্রথমে এই বৈঠক দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের বাড়িতে হওয়ার কথা ছিল, কিন্তু ইন্ডিয়া জোটের একাধিক নেতাই জানান যে এত কম সময়ে তাদের পক্ষে দিল্লিতে যাওয়া সম্ভব নয়।
এরপরই ভার্চুয়ালি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। অফলাইনে বৈঠকে যোগ দিতে রাজি হননি, তবে অনলাইনে বৈঠক করার সিদ্ধান্তের পর বৈঠকে যোগ দিতে রাজি হন অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, এমকে স্ট্যালিন।
জানা গিয়েছে, ভার্চুয়াল বৈঠকে যোগ দেবে তৃণমূল কংগ্রেসও। জল্পনা শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের এই বৈঠকে যোগ দিতে পারেন। যদি তৃণমূল এই বৈঠকে যোগ দেয়, তবে তা লোকসভা নির্বাচনের পর প্রথমবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া হবে।
গত অধিবেশনগুলিতে ইন্ডিয়া জোটের থেকে দূরত্বই রেখেছিল তৃণমূল কংগ্রেস। তবে আম আদমি পার্টির কেউ এই বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
জানা গিয়েছে, কংগ্রেসের তরফে আম আদমি পার্টির সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনও সদুত্তর মেলেনি। মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত ও অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের কাছে আরও তথ্য জানতে চেয়েই বিশেষ অধিবেশনের দাবি করেছিলেন বিরোধী দলের নেতা-সাংসদরা। একে একে সরব হয়েছে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে চিঠিও পাঠায় দেশের ১৬ টি বিরোধী রাজনৈতিক দল। তালিকায় ছিল কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ অন্যেরা।
তবে বিরোধী শিবির থেকে বার বার বিশেষ অধিবেশনের দাবি তোলা হলেও, এ বিষয়ে কোনও মন্তব্য করেনি কেন্দ্রীয় সরকার। এবারের বাদল অধিবেশন শুরু হলে মূল আলোচ্য বিষয়ই হতে পারে অপারেশন সিঁদুর। আদৌ ট্রাম্পের মধ্যস্থতায় এই সংঘাত থেমেছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলবে বিরোধীরা।
এদিকে, নির্বাচন কমিশন ও ভোটার লিস্টে নাম তোলার নিয়ম নিয়ে একজোট হয়েছে বিরোধীরা। এই ইস্যুতেও সংসদে সুর চড়াবে ইন্ডিয়া জোট। বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল ও অর্থ বিল পাশ হয়েছিল। এবারের বাদল অধিবেশনেও একাধিক বিল পাশ হতে পারে। এসবের মাঝেই সংসদের বাদল অধিবেশনের আগে ফের বৈঠকে ইন্ডিয়া জোট।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি