Home » ওবিসি তালিকা নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের!

ওবিসি তালিকা নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের!

সময় কলকাতা ডেস্ক:- কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য। বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি তোলেন রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল। দ্রুত শুনানির আর্জি জানান তিনি।

সিব্বলের সাফ কথা, নতুন তালিকা তৈরি হয়েছে সমস্ত নিয়ম মেনেই। অথচ হাইকোর্ট বলছে, কোনো নিয়ম মানা হয়নি! অপরদিকে প্রধান বিচারপতি মামলাটি গ্রহণের অনুমতি দেন। সোমবার, ২৯ জুলাই, হতে পারে মামলার শুনানি। ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা করে। এই তালিকার ভিত্তি ছিল দুর্বল, তথ্য প্রমাণও ছিল অপর্যাপ্ত। এর পরেই রাজ্য সরকার নতুন ওবিসি তালিকা তৈরি করে।

তবে সেই নতুন তালিকাও চ্যালেঞ্জের মুখে পড়ে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে যে, ৩১ জুলাই পর্যন্ত কোনও নতুন তালিকা কার্যকর হবে না।

মূলত রাজ্যের দাবি, সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে, তৈরি হয়েছে নতুন তালিকা। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সার্টিফিকেটধারীদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। গোটা রাজ্যের চোখ এখন শীর্ষ আদালতের রায়ের দিকে।

About Post Author