Home » ‘অপারেশন মহাদেব’-এ খতম পহেলগাঁও হামলার ৩ জঙ্গিই লোকসভায় জানালেন অমিত শাহ

‘অপারেশন মহাদেব’-এ খতম পহেলগাঁও হামলার ৩ জঙ্গিই লোকসভায় জানালেন অমিত শাহ

সময় কলকাতা ডেস্ক:- সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলার ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। ২৪ ঘণ্টার মাথায় সংসদে এমনটাই নিশ্চিত ভাবে জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের ডেরা থেকে পহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র মিলেছে। নিহতদের পরিচয়পত্রও ইঙ্গিত করছে সে দিকেই।

সোমবার শ্রীনগরের দাচিগাম জঙ্গলে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মহাদেব’। মঙ্গলবার অমিত শাহ জানান, এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁওয়ের হামলার সঙ্গে যুক্ত ছিলেন। ‘অপারেশন মহাদেবে’ ভারতীয় সেনাবাহিনী তাদের নিকেশ করেছে। হত তিন জঙ্গির নামও জানান শাহ।

এই তিন জনকে খাবার জুগিয়ে সাহায্য করেছিল যে ব্যক্তি তাকে আগেই আটক করা হয়েছিল। সেই নিহত জঙ্গিদের দেহ শনাক্ত করেছে।

অপারেশন সিঁদুরের পরেও পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিদের খোঁজ না মেলায় বারবার বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে বিজেপি সরকার। সোমবার ৩ জঙ্গি নিকেশের পরেও কংগ্রেস-সহ বিরোধী দলগুলি প্রশ্ন তোলে, এরাই কি পহেলগাঁও হামলার তিন জঙ্গি? এরা যে পাকিস্তানি জঙ্গি তার প্রমাণ কী? মঙ্গলবার বিরোধীদের নিশানা করেন শাহ।

শাহ জানান, জঙ্গিদের থেকে পহেলগাঁও হামলায় ব্যবহার করা অস্ত্র উদ্ধার হয়েছে। পাকিস্তানি ভোটার আইডি নাম্বার মিলেছে, তাদের কাছে মিলেছে পাকিস্তানি চকলেট। এছাড়াও হত তিন জঙ্গিই যে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়ে নিশ্চিত হতে ফরেন্সিক পরীক্ষা করানো হয়।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় মৃত্যু হয়েছিল ভারতের ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের। নৃশংস এই হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা। তবে কিছুদিন আগেই জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা।

এটি এক ধরনে স্যাটেলাইট ফোন যা পহেলগাঁওয়ে হামলা চালানোর সময় ব্যবহার করে জঙ্গিরা। সেই ফোন ফের চালু হতেই সেনাবাহিনী জঙ্গিদের লোকেশন জেনে যায়। শুরু হয়ে যায় অপারেশন মহাদেবের প্রস্তুতি।

গত কয়েকদিন ধরে জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখছিল সেনাবাহিনী। অপেক্ষা করা হচ্ছিল এমন জায়গায় জঙ্গিরা যাক, যেখানে জঙ্গিদের ঘিরে ফেলে নিকেশ করা হবে। পালানোর কোনও পথ থাকবে না। সোমবার অপারেশন চালানো হয়। যা সফল হয়।

About Post Author