সময় কলকাতা ডেস্ক:- ফের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইতিহাসের পাতায় নাম লেখাল ভারত। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি নিসার উপগ্রহের সফল উৎক্ষেপণ হল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তৈরি করেছে এই উপগ্রহকে।
প্রায় এক দশকের বেশি সময় ধরে ভারত-মার্কিন গবেষকদের দক্ষতা ও সফ্টওয়্যার-হার্ডওয়্যার বিনিময়ে এই উপগ্রহের জন্ম হয়েছে। নিসার-এর পুরো নাম নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার ৷
পৃথিবী থেকে ৭৪৩ কিমি দূরে সান-সিনক্রোনাস অরবিটে ৯৮.৪০ ডিগ্রি কোণে প্রতিস্থাপন করবে জিএসএলভি-এফ ১৬ রকেট ৷ নিসার-এর ওজন ২ হাজার ৩৯৩ কেজি ৷
পৃথিবী প্রদক্ষিণকারী এই কৃত্রিম উপগ্রহ পৃথিবী-পৃষ্ঠে সর্বত্র নজর রাখবে ৷ ঋতু পরিবর্তনের সাথে সাথে ভূ-পৃষ্ঠের কোথায় কী ধরনের পরিবর্তন হচ্ছে, তা পরিমাপ করবে ৷ হিমালয়, আন্টার্কটিকা, উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে পর্বত, হিমবাহের অবস্থান বদলের হিসেবনিকেশ করে সেই ডেটা পৃথিবীতে পাঠাবে ৷
ডুয়াল-ব্যান্ডের সিন্থেটিক অ্যাপারচার রেডার থাকার ফলে অত্যাধুনিক মানের হাই-রেজোলিউশন সম্পন্ন এবং বিশাল মাপের ছবি তুলে পাঠাতে পারবে নিসার ৷
প্রত্যেক ১২ দিন অন্তর ভূ-পৃষ্ঠের সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ, সমুদ্র ও মহাসাগরীয় বরফাবৃত অঞ্চলের ছবি পাঠাবে এই কৃত্রিম উপগ্রহ ৷ মূলত ভারত ও আমেরিকা- দুই দেশের বৈজ্ঞানিক মহলের পারস্পরিক স্বার্থে এই তথ্যগুলি পাঠাবে নিসার ৷ নিসারের হাত ধরে দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে লাভ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
কোটি কোটি টাকার চুক্তি :কীভাবে ধোঁকা দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বোকা বানালেন ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী গৌরব?