Home » বিহারের ভোটার তালিকা নিয়ে ফের একজোট ‘ইন্ডিয়া’, আলোচনার দাবিতে লোকসভা স্পিকারকে চিঠি

বিহারের ভোটার তালিকা নিয়ে ফের একজোট ‘ইন্ডিয়া’, আলোচনার দাবিতে লোকসভা স্পিকারকে চিঠি

সময় কলকাতা ডেস্ক:- বিহারের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। বিশেষ তালিকা সংশোধনের পর খসড়া তালিকা প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ফের জোটবদ্ধ ইন্ডিয়া ব্লক। বিরোধী জোটের ৯টি দল ঐক্যবদ্ধভাবে এই ভোটার তালিকা সংশোধন ও খসড়া তালিকা প্রকাশ নিয়ে সংসদে আলোচনা চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছে।

জানা গিয়েছে, বিহারের খসড়া ভোটার তালিকা ১ আগস্ট বেলা ১১টার সময়েই রাজ্যের সব রাজনৈতিক দলকে ৩৮টি জেলা কালেক্টরের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে ২৪৩টি বিধানসভা কেন্দ্রের ৯০ হাজারের বেশি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটার তালিকা রয়েছে। খসড়া তালিকা ওয়েবসাইটে সকলের জন্য প্রকাশ করা হয়।

তবে বিরোধীরা দাবি তুলেছে, বিহারে ঠিক ভোটের মুখে তালিকা সংশোধন করে লাখ লাখ ভোটারকে বাতিল করাটা ইচ্ছাকৃতভাবে হচ্ছে। এ নিয়ে সংসদে বিশেষ আলোচনা করা হোক। যদিও কমিশন এই কাজকে রুটিন কাজ বলে ব্যাখ্যা করেছে। কিন্তু, বিরোধীদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপির নির্দেশে ভোটে কারচুপির করতে এই কাজ কমিশনকে দিয়ে করানো হচ্ছে।

একটি যৌথ চিঠিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিরোধীরা জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ দারুণ উদ্বেগের। বিহার নিয়ে যা চলছে, তার কোনও নজির নেই। কংগ্রেস, তামিলনাড়ুর শাসকদল ডিএমকে, উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শারদ পাওয়ারের এনসিপি, উদ্ধবপন্থী শিবসেনা, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, আরএসপি ও অন্যরা এই চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিহার বিধানসভা ভোটের কয়েকমাস আগে এ ধরনের ভোটার তালিকা সংশোধনের কোনও নজির নেই। নির্বাচন কমিশন এও জানিয়েছে, খুব শীঘ্রই এই পদ্ধতি গোটা দেশের জন্য প্রয়োগ করা হবে। ফলে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সকলেই সংশোধনীর সময় নির্বাচন ও উদ্দেশ্য নিয়ে চিন্তিত। ফলে এ বিষয়টি অবিলম্বে সভায় আলোচনা হওয়া উচিত।

About Post Author