Home » ট্রাম্পের ‘ট্যারিফ রোষ’, জোর ধাক্কা বিশ্ববাণিজ্যে; ভারতের থেকে কম শুল্ক দেবে বাংলাদেশ-পাকিস্তান!

ট্রাম্পের ‘ট্যারিফ রোষ’, জোর ধাক্কা বিশ্ববাণিজ্যে; ভারতের থেকে কম শুল্ক দেবে বাংলাদেশ-পাকিস্তান!

সময় কলকাতা ডেস্ক:- আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা ছড়ালেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ট্যারিফ রোষে জোর ধাক্কা বিশ্ববাণিজ্যে। একা ভারতের ঘাড়ে নয়, একসাথে এবার একাধিক দেশের উপরেই নেমে এল আমেরিকার শুল্কের খাঁড়া। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করে ঘোষণা করেন, এবার থেকে আমদানিকৃত পণ্যে আমেরিকা ১০% থেকে ৪১% পর্যন্ত ‘রেসিপ্রোকাল টারিফ’ বা পাল্টা শুল্ক চাপাবে।

এই সিদ্ধান্তে ভারতের রফতানি পণ্যের উপর সরাসরি ২৫% শুল্ক আরোপ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, সাতদিনের মধ্যে কার্যকর হতে চলেছে এই নতুন শুল্ক হার। এর ফলে একদিকে যেমন ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নতুন করে আঘাত হানতে পারে বৈশ্বিক অর্থনীতিতে, তেমনই আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কেও শুরু হতে পারে নতুন চাপানউতোর। হোয়াইট হাউস বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ যে নির্বাহী নির্দেশিকা জারি করেছে, তাতে ৬৮টি দেশের জন্য নির্ধারিত শুল্ক হার উল্লেখ করা হয়েছে।

যেসব দেশের নাম নির্দিষ্টভাবে বলা হয়নি, তাদের জন্য ‘স্ট্যান্ডার্ড শুল্ক’ ১০% ধার্য করা হয়েছে। পড়শি কানাডার উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করে দিয়েছেন ট্রাম্প। কানাডা বেআইনি মাদক কারবার প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলেই নাকি এই অতিরিক্ত শুল্কের কোপ। কানাডার পাশাপাশি একাধিক দেশে শুল্ক ঘোষণা করা হয়েছে।

সবথেকে বেশি শুল্ক আমেরিকা চাপিয়েছে সিরিয়ার উপরে, ৪১% শুল্ক ঘোষণা করা হয়েছে।

৪০% শুল্ক চাপানো হয়েছে লাওস ও মায়ানমারের উপরে।

৩৯% শুল্ক দিতে হবে সুইৎজারল্যান্ডকে।

৩৫% শুল্ক চাপানো হয়েছে ইরাক ও সার্বিয়ার উপরে।

৩০% শুল্ক ঘোষণা করা হয়েছে আলজেরিয়া, বসনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও হেরজ়েগোভিনার উপরে।

২৫ শতাংশ শুল্ক দেবে ভারত।

পাশাপাশি ব্রুনেই, কাজাকস্তান, মলডোভা ও টিউনেশিয়াও ২৫ শতাংশ শুল্ক দেবে।

২০% শুল্ক দিতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান ও ভিয়েতনামকে।

১৯% শুল্ক দিতে হবে পাকিস্তান, মালয়শিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপিন্স ও থাইল্যান্ডকে।

১৮% শুল্ক দেবে নিকারাগুয়া।

১৫% শুল্ক দিতে হবে ইজরায়েল, জাপান, তুরস্ক, নাইজেরিয়া, ঘানা সহ একাধিক দেশকে।

১০% শুল্ক যা সর্বনিম্ন তা দিতে হবে ব্রাজিল, ইংল্যান্ড ও ফকল্যান্ড আইল্যান্ডকে।
ইউরোপীয় ইউনিয়নকে আপাতত শুল্কে অনেক ছাড় দেওয়া হয়েছে। যে পণ্যগুলির উপরে ১৫ শতাংশের বেশি কর বসে, সেগুলিকে টারিফ থেকে ছাড় দেওয়া হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রতিটি দেশের ক্ষেত্রে তাদের আমেরিকার সাথে বাণিজ্য ঘাটতি এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক অবস্থা বিচার করেই এই শুল্ক হার নির্ধারিত হয়েছে। বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হচ্ছে।

ট্রাম্প সাফ জানিয়ে দেন, রাশিয়া থেকে কমদামি তেল কেনার ‘সাজা’ হিসাবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুণতে হচ্ছে।

ট্রাম্পের এই শুল্কবাণের পাল্টা বিবৃতি দেয় ভারতও। নয়াদিল্লি জানিয়েছে, জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার।

About Post Author