সময় কলকাতা ডেস্ক:- নির্বাচন কমিশন ‘বিজেপির ক্রীতদাস’ হিসেবে কাজ করছে। ঝাড়গ্রামের লালমাটি থেকে নির্বাচন কমিশনকে এই আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের পিছনে বাংলায় এনআরসি চালু করার চক্রান্ত চলছে। বাংলায় কারও নাম বাদ দেওয়া যাবে না। আরও একবার সেই হুঁশিয়ারি দিলেন মমতা।
বুধবার দুপুর আড়াইটে নাগাদ শালে, মহুয়ায় ঘেরা পুরাতন ঝাড়গ্রাম থেকে ভাষা আন্দোলনের মিছিলের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিন কিমি পথ পেরিয়ে মিছিল শেষ হয় শহরের পাঁচমাথা মোড়ে। সেখানে তৈরি হয় মঞ্চ।
ওই মঞ্চ থেকে বাংলা ভাষা নিয়ে ফের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ান মুখ্যমন্ত্রী। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে মঙ্গলবার বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের দুই ইআরও এবং দুই সহকারী ইআরও-কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।
পাশাপাশি এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুর নির্দেশও দেওয়া হয়েছে।
এই ঘটনায় বুধবার ঝাড়গ্রামে সভামঞ্চ থেকে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, ভোট তো এখনও আট মাস বাকি। এখন থেকেই অফিসারদের ভয় দেখাচ্ছে? ক্ষমতা দেখাচ্ছে? কার ক্ষমতা দিয়ে এই কাজ করছে কমিশন? অমিত শাহর দালালি করছে?
এনআরসি ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বারবার দাবি করেছেন, বাংলায় এনআরসি করতে দেবেন না তিনি। এদিকে কেন্দ্রও নিজের অবস্থানে অনড়। অসম সরকারের তরফে এরাজ্যের অনেককেই নোটিসও পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে সরাসরি তোপ দাগেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বলেন, অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান।
এই পরিস্থিতিতে নির্বাচনকেন্দ্রিক প্রশাসনের কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, ভয় পাওয়ার কিছু নেই।
রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তা, তিনি মানুষের পাহারাদার ছিলেন, আছেন, থাকবেন। শুধু খেয়াল রাখতে হবে, যাতে কারও নাম না ভোটার তালিকা থেকে বাদ না যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এই সাসপেনশনের সিদ্ধান্ত আদতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন আসার আগেই পরিকল্পিতভাবে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোয় চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কমিশন। হুঁশিয়ারির সুরে তিনি এও বলেন, বাংলা কারও চোখ রাঙানি সহ্য করবে না।
বিধানসভা নির্বাচনের আগে ভাষা-অপমানকে ঘিরে বাঙালির আবেগকে উসকে দিয়ে বিজেপির বিরুদ্ধে একপ্রকার আক্রমণের রণনীতি নিয়েছে তৃণমূল। পাশাপাশি, কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার লিস্ট সংশোধনের নামে যদি বাংলার প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে তিনি সারাবিশ্ব ঘুরে বেড়াবেন। সারা বিশ্ব ঘুরে মুখোশ খুলে দেবেন।


More Stories
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের