সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হবে দেশ জুড়ে। সর্বত্রই এই দিন বাড়তি নজরদারির বন্দোবস্ত করা হয়। প্রতি বছরের মতো এ বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে অনুষ্ঠান হবে। উত্তোলন করা হবে জাতীয় পতাকা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়া, সেনাবাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ রেড রোডের কুচকাওয়াজে যোগ দেয় প্রতি বছর। থাকে কলকাতা ও জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। পহেলগাঁওয়ের ঘটনার পর স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে বাড়তি সতর্কতার মাঝেও অনুষ্ঠানের জৌলুসে কোনও কাটছাঁট নেই। এবারের কুচকাওয়াজে বিশেষভাবে তুলে ধরা হবে ভাষার ঐতিহ্য ও মর্যাদা। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল পড়ুয়ারা বাংলাসহ একাধিক আঞ্চলিক ভাষার অক্ষর লেখা স্লেট হাতে পদযাত্রায় অংশ নেবে।
মনীষীদের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা হবে, কন্যাশ্রীরা প্রদর্শন করবে মার্শাল আর্ট। মঞ্চে আসবেন উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পাহাড়, চা-বাগান, কৃষক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য থেকে শুরু করে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকরাও। সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন ইউনিট কুচকাওয়াজে জাতীয় পতাকাকে অভিবাদন জানাবে। গান ও নাচের মাধ্যমে বাংলা ভাষার বার্তা ছড়িয়ে দেবে স্কুল পড়ুয়ারা। ট্যাবলো ও শোভাযাত্রায় লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডসহ একাধিক জনমুখী প্রকল্পের প্রচার দেখা যাবে। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য রাজ্যের বেশ কয়েকজন পুলিশ অফিসারকে মুখ্যমন্ত্রী সম্মানিত করবেন।
থাকছে দুই বিভাগে পুরস্কার— ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার্স পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’। এদিকে, শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে শহরে পাঁচ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকছেন। তাঁদের মধ্যে ডিসি থেকে শুরু করে জয়েন্ট সিপি, বিভিন্ন পদমর্যাদার আধিকারিককেও রাখা হবে। রেড রোডকে কয়েকটি জ়োন হিসাবে ভাগ করে নিয়েছে পুলিশ।
বিভিন্ন জ়োনে আলাদা করে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু নাকা চেকিং। এতে বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখা গেলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির