Home » রবি থেকে বিহারে রাহুলের ‘ভোট অধিকার যাত্রা’! রবিতেই দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক

রবি থেকে বিহারে রাহুলের ‘ভোট অধিকার যাত্রা’! রবিতেই দিল্লিতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক

সময় কলকাতা ডেস্ক:- রবিবার থেকে এই কর্মসূচি শুরু রাহুল গান্ধির ভোট অধিকার যাত্রা। নীতীশ কুমারের রাজ্য বিহারে ১৬ দিন, ২০টির বেশি জেলা ঘুরে ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ১ সেপ্টেম্বর পটনা ময়দানে এই যাত্রা শেষ হবে। ঘটনাচক্রে, রাহুল যে দিন ‘ভোট অধিকার যাত্রা’ শুরু করছেন, অর্থাৎ রবিবারেই আবার দিল্লিতে সাংবাদিক বৈঠেক ডেকেছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, ১৬ দিনের এই সফরে গয়া, মুঙ্গের, ভাগলপুর, কাটিহার, পূর্ণিয়া, মধুবনী, দ্বারভাঙা, পশ্চিম চম্পারণ-সহ ২০টির বেশি জেলা ঘুরবেন রাহুল। সঙ্গে থাকবেন লালু-পুত্র তেজস্বী যাদবও। কর্মসূচি চলাকালীন ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন কংগ্রেস সাংসদ। রাহুল জানিয়েছেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচিই নয়, এটি গণতন্ত্র এবং সংবিধান রক্ষার আন্দোলন।

এই ‘ভোট অধিকার যাত্রা’য় শামিল হওয়ার জন্য জনতাকে আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ। শুধু তা-ই নয় এই যাত্রায় শামিল হয়ে নিজেদের অধিকার নিয়ে আওয়াজ তোলারও আহ্বান জানিয়েছেন তিনি। আসলে বিহারে এই মুহূর্তে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে রাজনীতি সরগরম। এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

বলা ভাল, আপাতত জাতীয় রাজনীতি আবর্তিত হচ্ছে এই প্রক্রিয়াকে ঘিরেই। বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ ভাবে কমিশনের ভূমিকা, এসআইআর-এর প্রক্রিয়া নিয়ে সরব। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিরোধীদের তরফে।

তার মধ্যে গত কয়েক দিন ধরেই রাহুল গান্ধি ভোট চুরির অভিযোগ তুলছেন। গত ৭ আগস্ট রাহুল গান্ধি কর্ণাটকের মহাদেবপুরম বিধানসভা আসনে এক লাখ ভুয়ো ভোটারের অস্তিত্ব রয়েছে দাবি করে অভিযোগ করেন, নরেন্দ্র মোদি ভোট চুরি করে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। গোটা দেশে বিজেপি কম করে ৭৫টা আসনে ভোট চুরি করে জিতেছে।

সেই সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেন, ছয় পদ্ধতিতে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। তিনি নাম এবং ঠিকানা তুলে ধরে দেখিয়েছিলেন যে একই ঠিকানায় দেখা গিয়েছে আশিজন ভোটারের নাম, আবার এমন ঠিকানা দেখা গিয়েছে যেটি আসলে একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং সেখানে কেউ থাকেন না। পাশাপাশি, ছবি ভুল এবং একই ভোটারের একাধিক জায়গার ভোটার তালিকায় নাম থাকার প্রমাণও তুলে ধরেছেন তিনি।

এমন পরিস্থিতিতে বিহারে রাহুলের এই ভোট অধিকার যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে রাহুল যখন ভোট চুরির অভিযোগ নিয়ে সরব, পাল্টা জবাব দেয় নির্বাচন কমিশনও। রাহুলকে হলফনামা দিয়ে প্রমাণ দিতে বলা হয় তাঁর অভিযোগের সাপেক্ষে। এসবের মাঝেই ভোট চুরি এবং বিহারে এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে রবিবার থেকে নীতীশ কুমারের রাজ্যে ভোট অধিকার যাত্রা শুরু করছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।

About Post Author