Home » মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে বিস্ফোরণ! বোমা হাতে নাড়াচাড়া করতেই হঠাৎ বিস্ফোরণ

মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে বিস্ফোরণ! বোমা হাতে নাড়াচাড়া করতেই হঠাৎ বিস্ফোরণ

সময় কলকাতা ডেস্ক:- উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চাঞ্চল্যকর ঘটনা। মধ্যমগ্রাম রেলস্টেশনের একেবারে কাছেই, মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে বিস্ফোরণ। এক যুবক বোমাটি হাতে নাড়াচাড়া করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটনায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সোমবার সকালেই তাঁর মৃত্যু হয়েছে।

মৃতের নাম সচ্চিদানন্দ মিশ্র বলে জানা গিয়েছে।

কীভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির কাছেই একটি ব্যাগ ছিল। রবিবার মধ্য রাতে ওই ব্যক্তি স্কুলের সামনের এলাকাতেই হাতে বোমা নিয়ে বসেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর হাতে বোমাটি ফাটে। আওয়াজ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। খবর পেয়ে পৌঁছয় বোম ডিস্পোজাল টিম। উদ্ধার হয় একটি ব্যাগ। শুরু হয়েছে তদন্ত।

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস-সহ এসডিপিও বারাসত, বিদ্যাগর অজিঙ্কা অনন্ত।

এখনই এই বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ। এমনকী সংবাদমাধ্যমকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণস্থলটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এখনও বোমার ভগ্নাংশ থাকতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। সেই কারণেই সেখান থেকে নিরাপদ দূরত্বে সবাইকে আটকে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, মধ্যমগ্রামে এই ঘটনা একেবারে নতুন। আশপাশের এলাকায় এমন বিস্ফোরণ ঘটলেও, মধ্যমগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা আগে শোনা যায়নি।

 

About Post Author