Home » খুনের হুমকি পানিহাটি পুরপ্রধান ও কাউন্সিলরকে! আন্তর্জাতিক কল ঘিরে চাঞ্চল্য

খুনের হুমকি পানিহাটি পুরপ্রধান ও কাউন্সিলরকে! আন্তর্জাতিক কল ঘিরে চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক:- উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার পুরপ্রধান তথা তৃণমূল নেতা সোমনাথ দে-কে খুনের হুমকির অভিযোগ। এদিকে পানিহাটি পুরসভার কাউন্সিলর সম্রাট চক্রবর্তীও পেয়েছেন খুনের হুমকি।

পানিহাটি পুরসভার পুরপ্রধান তথা তৃণমূল নেতা সোমনাথ দে জানিয়েছেন, গত ১৬ আগস্ট প্রথমে একটি আন্তর্জাতিক কল আসে, যদিও ব্যস্ততায় তিনি ফোন ধরতে পারেননি। পরদিন ১৭ আগস্ট সকাল ১১টা ৫৬ মিনিটে ফের একই নম্বর থেকে ফোন আসে। উত্তর দেওয়ার কিছুক্ষণ পরেই আবার কল আসে।

উল্লেখ্য, সোমনাথের দাবি, ওই কলের সময় সোদপুরের আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মৃত্যু এবং জাল ওষুধ চক্র নিয়ে আলোচনা হয়। একই নম্বর থেকে দিনভর একাধিকবার ফোন আসে। এমনকী, মঙ্গলবার রাতেও তাকে ফোন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুধু পুরপ্রধান নন, একই নম্বর থেকে পানিহাটি পুরসভার কাউন্সিলর সম্রাট চক্রবর্তীও হুমকির ফোন পান। এমনকী তাঁকে মেসেজ পাঠিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই, ব্যারাকপুর পুলিশ কমিশনার ও খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সোমনাথ দে। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশও।

সূত্রের খবর, এর আগেও সম্রাট চক্রবর্তীকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছিল। ফলে বারবার এমন হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে।

About Post Author