সময় কলকাতা ডেস্ক:- কন্যা সন্তান জন্ম হওয়ায় মেয়ের জীবনই কেড়ে নিলেন বাবা। এমনই অভিযোগে তোলপাড় শিলিগুড়ির প্রকাশনগর এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগর এলাকায় রাহুল মাহাতো নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের সদ্যোজাত কন্যাকে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, স্ত্রীকে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে প্রায়শই শারীরিক ও মানসিক নির্যাতন করত রাহুল। অভিযোগ, মঙ্গলবার রাতে সেই নির্যাতন চরমে পৌঁছে যায়। নবজাতিকাকে বালিশ চাপা দিয়ে খুন করেন তিনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রতিবেশীরা থানায় খবর দিলে রাতেই অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে ভক্তিনগর ও শিলিগুড়ি থানার পুলিশ।
ইতিমধ্যেই, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে, ঘটনার পেছনে পারিবারিক কলহ ও কন্যা সন্তান জন্ম নিয়ে মানসিক চাপই মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় নেমে পড়েছে শোকের ছায়া। এই নারকীয় ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।


More Stories
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
এয়ারপোর্টের কাছে সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড