Home » নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !

নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !

নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !সোমবার মেয়ো রোড থেকে তৃণমূলের ভাষা-আন্দোলনের মঞ্চ খুলেছিল সেনাবাহিনী। তা নিয়ে কম চাপানউতোর হয়নি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার সেনার বেপরোয়া গাড়ির গতি নিয়ে নতুন করে সমস্যা দেখা দিল। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ মহাকরণের সামনে দিয়ে সেনার একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার অভিযোগ তুলে তা আটকে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ।

ঘটনা ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফোর্ট উইলিয়াম থেকে রওনা দিয়েছিল সেনাবাহিনীর একটি ট্রাক। গন্তব্য ছিল আয়কর ভবন। মহাকরণের সামনে ট্রাফিক আইন না মেনে গাড়িটি বেপরোয়া গতিতে ছুটছিল, এই অভিযোগে তা আটকায় ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের দাবি, সেনার ট্রাকটি এমন গতিতে ছুটছিল যে বাঁক নিতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। আইন ভাঙার অভিযোগেই ট্রাকটিকে রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। সেনার ট্রাকটি এবং জওয়ান, আধিকারিকদের নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। জানা যায়, মোটর ভেহিক্যাল অ্যাক্টে মামলা রুজু করা হয়। সেনা ট্রাকের ঠিক পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। তাঁর নিরাপত্তার কারণে সেনার গাড়ি আটকানো হয়েছে বলে লালবাজার জানায়।

 

যদিও বেপরোয়া গতির বিষয়টি অস্বীকার করে সেনার তরফে জানানো হয়েছে, মহাকরণের সামনে থেকে গাড়িটি বাঁক নেওয়ার সময়ই পুলিশ তা আটকে দেয়.সোমবার মেয়ো রোডে তৃণমূলের ভষা আন্দোলন চলাকালীন আচমকাই মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী। খবর পেয়ে সেখানে ছুটে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা বিজেপির কথায় এমন কাজ করেছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে না জানিয়ে মঞ্চ খোলা হয় বলেও অভিযোগ ওঠে। তা নিয়ে সেনা ও পুলিশের দ্বন্দ্ব চরমে উঠেছিল। আর মঙ্গলবার সেনার গাড়ি নিয়ে সংঘাত তৈরি হল। ঘটনাটি এমন সময় ঘটল যখন সেনার সঙ্গে রাজ্যের শাসক দলের সংঘাতের আবহ চলছে।

সোমবারই ধর্মতলায় তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে বিবাদ বাঁধে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান এবং সেনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। দাবি করেন, বিজেপির হয়ে কাজ করছে তাঁরা। এই ঘটনার পরই মঙ্গলবার শহরের রাস্তায় কার্যত সেনা-পুলিশ সংঘাত দেখা গেল।

About Post Author