বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হতে পারে, সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল নির্বাচন কমিশন। তবে দিনক্ষণ স্পষ্ট ছিল না। আলোচনা, গুঞ্জন আগে থেকেই চলছিল। এ বার সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে এ বার শুরু হবে এসআইআর-এর কাজ। সব ঠিক থাকলে আগামী মাসে, অর্থাৎ অক্টোবরে পুজোর মরসুমের পরেই দেশ জুড়ে শুরু হতে পারে এসআইআর। আগামী ২ অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে। এর পরে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো। সূত্র বলছে, পুজোর মরসুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করতে পারে তারা। বুধবার দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন।
সেখানেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। অক্টোবরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তারপরই শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে নির্দিষ্ট করে কোনও দিনক্ষণ এখনও জানায়নি কমিশন। এদিকে, দেশজুড়ে একযোগে এই প্রক্রিয়া চালু হবে নাকি যেসব রাজ্যে আগামীবছর বিধানসভা ভোট রয়েছে, সেখানে আগে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। পাঁচ রাজ্য—পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পন্ডিচেরি—আগামী বছরে ভোট, ফলে এই রাজ্যগুলিতে এসআইআর আগে চালু হওয়ার সম্ভাবনা প্রবল।
এসআইআর চালু হবে বলে আগে থেকেই লাফালাফি শুরু করেছে পদ্মশিবির। বিজেপি রাজনৈতিক ভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, বেশ আনন্দেই রয়েছে। কারও কারও অতি উৎসাহী ভাব এমনই যে ভোটার তালিকায় সংশোধন হলেই বিজেপি ভোটে জিতে যাবে। সেই তালিকায় জ্বলজ্বল করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম।
বাংলার মুখ্যমন্ত্রী এর আগেও বারবার অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। একাধিকবার এই অভিযোগ তুলেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে জাতীয় কমিশনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য প্রস্তুত। প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মীবাহিনীও প্রস্তুত রেখেছে তারা। এর আগে ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল। ২০০২ সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এলাকাভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এ বার দু-দশকেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন।


More Stories
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে
বারাসাতে তৃণমূলের প্রভাবশালীর কান ধরে উঠবোস