Home » সাত সকালে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকল দেরিতে আসায় ক্ষোভ

সাত সকালে সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকল দেরিতে আসায় ক্ষোভ

সন্তোষপুর স্টেশনে সকাল প্রায় ৭টা নাগাদ হঠাৎই আগুন লাগে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্ম ঘিরে থাকা ছোট-বড় একাধিক দোকানে।

 

আগুনে দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। হঠাৎ এই অগ্নিকাণ্ডে যাত্রী থেকে শুরু করে দোকানদার—সবাই আতঙ্কিত হয়ে পড়েন।  ঘটনাটি প্রথম স্থানীয়দের নজরে আসে। ফুট ওভার ব্রিজের আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসে নি। হতাহতের কোনও খবর নেই,  কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।

অভিযোগ, প্রায় ৪৫ মিনিট দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। ফলে এই সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কেননা, সামনেই দুর্গাপুজো, আর প্রত্যেকটি দোকানেই প্রচুর জিনিষপত্র মজুত করা হয়েছিল। যা সবই জতুগৃহে পরিণত হয়েছে। এই মুহুর্তে আগুনের ভয়াবহতার জেরে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

About Post Author