সেজে উঠছে শহর কলকাতা, পুজো শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। উত্তর কলকাতার হাতিবাগান সর্বজনীন দুর্গা উৎসব কমিটি এবার ৯১ বছরে পর্দাপণ করল।এবছরের আকর্ষণ অথঃ ঘাট কথা।
“সোপানে ঘটনা যদি অঙ্কিত হইত তবে কতদিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে।” সেই কবেই রবি ঠাকুর বলে গেছিলেন তার ‘ঘাটের কথা’ ছোটগল্পে। ভেবে দেখতে গেলে কলকাতা কে’ ঘাটের শহর’ বা’ সিটি অফ ঘাটস’ বলাই যেতে পারে।
বারাণসীর পৃথিবী বিখ্যাত সব ঘাট নিয়ে কত হাজার হাজার লেখা, কত ছবি, অথচ কলকাতার নানা ঘাট নিয়ে তেমন উচ্চবাচ্য নেই। তেমন কোনো তথ্যও নেই। এক সময় কাছাকাছি ১০০ টি ঘাট সার দিয়ে দাঁড়িয়ে থাকত নদীর দুধারে, যে কথা হয়ত আমরা অনেকেই তেমন মনে রাখিনা। পরিসংখ্যানই বলে দেয়, কলকাতার জনজীবনে ঘাটের গুরুত্ব কতখানি ছিল। এই ঘাটগুলির কোনটাতে চলত নাটকের মহড়া, তো কোনটাতে ভিড়তো জাহাজ। কোন ঘাটে নদীর কাদামাটি মেখে ঘর্মাক্ত কলেবরে চলতো কুস্তির আখড়া, তো কোনো ঘাট ছিল বাঙলার অসংখ্য কৃতি সন্তানের শেষ গন্তব্যস্থল। অনেক প্রেমের না বলা কথার ইতিহাস ও লুকিয়ে রয়েছে এই ঘাটের অন্তরে অন্তরে।
ঘাটের মাটিতে গড়া মৃন্ময়ী প্রতিমা মণ্ডপে মণ্ডপে চিন্ময়ী মা হয়ে ওঠেন। মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান করাতে যেতে হয় ঘাটে। আবার বিসর্জনের বাজনা বাজিয়ে মা সপরিবারে কৈলাসের পথ ধরতে ঘাটের দিকেই যাত্রা করেন। কী আবাহন, কী বিসর্জন ঘাট আমাদের অনিবার্য গন্তব্য।
“পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বইস; মনযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্মৃত কথা শুনিতে পাইবে।”তাই ঘাটের এই ইতিহাস আমরা প্রায় ভুলেই গিয়েছি ঘাট কে কেন্দ্র করে এই বছরের থিম তুলে ধরা হয়েছে বলে জানালেন হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির কনভেনর শ্বাশত বোস।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!