পুজোর মুখে স্বস্তি ! নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তবে বেঁধে দেওয়া হল কিছু শর্ত। কী শর্ত বেঁধে দিল আদালত? জানতে নজর রাখব প্রতিবেদনে।
নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখল ব্যাঙ্কশাল আদালত। বুধবার রায়ে বিচারক জানিয়েছেন, তিনি মনে করেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে জামিনের শর্ত হিসেবে আদালত মন্ত্রীকে একাধিক শর্ত দিয়েছে, তা মেনে চলতে হবে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। আদালত সাফ জানিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি যখনই মন্ত্রীকে তলব করবে তখনই হাজিরা দিতে হবে, তদন্তকারীদের সঙ্গে সব ধরনের সহযোগিতাও করতে হবে মন্ত্রীকে। একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কেও মেনে চলতে হবে কিছু নির্দেশ। মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও জেরা পর্ব শেষ করতে হবে বিকেল পাঁচটার মধ্যে। অর্থাৎ রাতভর জেরার সম্ভাবনা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রইল না বলেই মত আইন বিশেষজ্ঞদের।
আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তি। সেই সঙ্গে তদন্তে বিস্তর অসহযোগিতার অভিযোগে প্রভাবশালী তত্ত্বে গত শনিবার রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। বুধবার সেই আবেদন খারিজ করে দেন বিচারক। আসলে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতেই প্রথম উঠে আসে মন্ত্রীর নাম। এরপর চন্দ্রনাথের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক বড়সড় লেনদেনের হদিশ পায় ইডি। ইডি-র দাবি, প্রায় ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী। অঙ্ক দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা। কিন্তু এত বিপুল অর্থ কোথায় গেল, তার কোনও উত্তর এখনও মেলেনি। গত শনিবারই আদালত থেকে বেরোনোর সময় মন্ত্রী জানিয়েছিলেন আইনের প্রতি তাঁর আস্থা ছিল এবং আগামী দিনেও থাকবে। বুধবারও তিনি বলেন, আদালতের নির্দেশ মেনেই চলবেন।


More Stories
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
রাজনৈতিক সংঘর্ষ,গুরুতর আহত বিজেপি জেলা সভাপতি, বারাসাত জ্বলছে