আবারও রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। দুর্গাপুরের নামী বেসরকারি মেডিক্যাল কলেজে ভিনরাজ্যের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ ওই পড়ুয়াকে কলেজের বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী এই মেডিক্যাল কলেজে MBBS পড়তেন। ইতিমধ্যেই পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের আচরণে বেজায় ক্ষুব্ধ নির্যাতিতার পরিবার। পুলিশি তদন্তেও ভরসা করতে পারছেন না নির্যাতিতার বাবা।
এই বিষয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘লাগাতার এই ধরনের ঘটনা ঘটছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে? মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন। কিন্তু এখন কিছু বলেন না। সব জায়গায় জল জমলে উনি ডিভিসির জল ছাড়াকে দেখতে পান। কিন্তু কসবার ঘটনা থেকে এখনও নারী নির্যাতনের বিরুদ্ধে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী।ই ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় চুপ কেন? কথায় কথায় তিনি সাংবাদিক বৈঠক করেন। এখন নীরব কেন?’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনানুগ পদক্ষেপের অনুরোধ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির।সোশ্যাল মিডিয়ায় ওড়িশার মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলার দুর্গাপুরে এক ওড়িশা পড়ুয়ার দুর্ভাগ্যজনক গণধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও বেদনাদায়ক। এই খবরে আমি অত্যন্ত আহত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আইনের পথে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আবেদন জানাচ্ছি। পাশাপাশি ওড়িশার প্রশাসন এই ঘটনায় বাংলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। ওড়িশা সরকারের তরফে নির্যাতিতার পরিবারকে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, “একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তদন্ত সঠিকভাবে এগোচ্ছে এবং দোষীদের গ্রেফতার করতে কোনও ত্রুটি রাখা হবে না। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়ো খবর বা গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হচ্ছে। নারীর প্রতি অপরাধে আমাদের অবস্থান স্পষ্ট — ‘জিরো টলারেন্স পলিসি’।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী