Home » দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে জিরো টলারেন্স নীতির বার্তা মমতার

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে জিরো টলারেন্স নীতির বার্তা মমতার

 

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে যারা জড়িত তারা কড়া শাস্তি পাবেই। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই ঘটনায় প্রথম প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখানেই থেমে থাকেননি তিনি। বেসরকারি কলেজ কর্তৃপক্ষের নিরাপত্তার বিষয়ে আরও সজাগ হওয়ার প্রয়োজন ছিল বলেও জানান তিনি। কী ভাবে ওই পড়ুয়া অত রাতে বাইরে বেরোলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে তাদের স্টুডেন্টদের দেখভাল করার।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে কোনও ভাবেই শিথিলতা বরদাস্ত করা হবে না। যারা জড়িত তারা কড়া শাস্তি পাবে। রাজ্য সরকার কোনও ঘটনাকে সমর্থন করে না। কোনও ঘটনা ঘটলে গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। বাংলায় জিরো টলারেন্স নীতি।
প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ—দু’পক্ষকেই তিনি এই বিষয়ে সতর্ক করেছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্য থেকে ছেলে-মেয়েরা এখানে পড়তে আসে। তাঁদের প্রতিও অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাত্রিবেলা বাইরে না বেরোনোই ভাল। কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন বাইরে যাচ্ছে। পুলিশ তো আর প্রত্যেকের বাড়ির সামনে বসে থাকতে পারে না।
রবিবার বিজেপিশাসিত রাজ্যগুলিতে মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। শনিবারই সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিজেপিশাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি মুখ্যমন্ত্রী মমতাকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। রবিবার ওড়িশায় মেয়েদের উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। নাম না করেও বিজেপিকে উত্তর দিয়ে দেন মমতা।

About Post Author