এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ! এবার ঘটনাস্থল হুগলির ডানকুনি। মৃতের নাম হাসিনা বেগম। তিনি ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লীর একটি ভাড়া বাড়িতে মেয়ের সঙ্গেই থাকতেন। পরিবার এবং স্থানীয়দের দাবি, ২০০২ সালের ভোটার লিস্টে হাসিনা বেগমের নাম নেই। আর তা জানার পর থেকেই আশঙ্কায় ছিলেন তিনি। এসআইআর নিয়ে এলাকায় চলা গুজবের কারণে প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত হাসিনা বেগম ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু বয়সের কারণে মেয়ের সঙ্গে ২০ নম্বর ওয়ার্ডেই থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় এসআইআর সংক্রান্ত একটি মিটিং হয়। এরপর থেকেই চিন্তায় ছিলেন ষাটোর্ধ্ব প্রবীণ ওই মহিলা। এর মধ্যেই তিনি জানতে পারেন তাঁর ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন হাসিনা বেগম। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে গিয়েছেন ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তাঁর দাবি, ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই জানার পর থেকেই আতঙ্কিত ছিলেন হাসিনা বেগম। সেই চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। শুধু এই মহিলাই নন, এসআইআর আতঙ্কে এলাকার আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি ডানকুনি পুরসভার পুর প্রধানের।
এই মৃত্যুর খবর কানে আসতেই সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এবং নির্বাচন কমিশনকে একবন্ধনীতে রেখে তোপ দেগেছেন তিনি।
অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপিই ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে— এক কোটি লোক ওপারে যাবে— এই প্রচারেই মানুষ ভীত হচ্ছে। তৃণমূল বলছে, বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে বিজেপি এবং তাঁদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন।
ইতিমধ্যে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন কর্মীরা। এই ঘোষণার পরেই আত্মহত্যা করেন পানিহাটি এলাকায় বাসিন্দা প্রদীপ কর। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। এর মধ্যেই ইলামবাজার, পূর্ব বর্ধমানেও এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। এর মধ্যেই ডানকুনি হাসিনা বেগমের মৃত্যুর খবর সামনে আসতেই ফের বিতর্ক। গোটা ঘটনায় রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের আবহ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী