Home » যাবজ্জীবন সাজার পরে হুমকি, প্রাণনাশের আতঙ্ক গ্রাস করেছে সন্তানহারা মাকে

যাবজ্জীবন সাজার পরে হুমকি, প্রাণনাশের আতঙ্ক গ্রাস করেছে সন্তানহারা মাকে

Oplus_131072

দীপ সেন ও রাজু দাস, সময় কলকাতা, ২০ নভেম্বর : যাবজ্জীবন সাজার পরে হুমকি।   নাবালক ছেলের হত্যাকারীর সাজার পরেও মায়ের আতঙ্ক কাটছে না। ভাইপোকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত এনজার নবীর যাবজ্জীবন সাজা হয়েছে। তবুও চলছে হুমকি। যাবজ্জীবন সাজার পরে হুমকি  দেওয়া হয়েছে খুন হওয়া নাবালক ফারদিনের মা ও পিসিকে।

আদালত চত্বরে দাঁড়িয়ে সাজাপ্রাপ্ত এনজারের পরিবার পরিজন হুমকি দিচ্ছে- অভিযোগ ফারদিনের মা রুবিনা খাতুনের। শুধু তিনি নন, তাঁর ননদ ও হোসেনারা বেগমও আতঙ্কে। প্রাণভয়ে ভীত হয়ে তাঁরা বারাসাত জেলা পুলিশের সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার সঙ্গে দেখা করলেন, অভিযোগ জানালেন ও নিরাপত্তা আশ্বাস চাইলেন। প্রাণনাশের আতঙ্ক গ্রাস করেছে ফারদিনের পরিবারকে।

১১ বছরের ফারদিন ২০২৪ সালের ৯ জুন নিখোঁজ হয়ে যায়। চারদিন পরে তার মৃতদেহ পাওয়া যায় এক শৌচালয়ে। ১৯ জুন পুলিশ খুনের অভিযোগে গ্রেফতার করে ফারদিনের জেঠা এনজারকে। তদন্তে জানা যায় সম্পত্তিগত পারিবারিক বিবাদেই ১১ বছরের নাবালককে নৃশংসভাবে হত্যা করেছিল এনজার। উল্লেখ্য শিশু ফারদিনকে খুনের আগেও চরম ক্ষতি করার  হুমকি দিয়েছিল স্বয়ং এনজার।  গত সোমবার তাকে দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত। খুনে দোষী সাব্যস্ত এনজারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার।

ফারদিনের মা রুবিনা ও পিসি হোসেনারা রায়দান শুনতে বৃহস্পতিবার বারাসাত আদালতে হাজির ছিল। হাজির ছিল এনজারের ছেলে মেয়েও। সেখানে রীতিমতো ভীতি প্রদর্শন করা হয় ফরদিনের মা ও পিসিকে। খুনির পুত্র কন্যার পাশে দাঁড়িয়ে নাকি মোবাইলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ছবি তুলতে থাকে। হোসেনারার অভিযোগ, সে তাদের হুমকিও দেয় এবং জানিয়ে গেছে যে,সে খুন করে জামিন পেয়ে গেছে। খুন করে চার মাসে জেলের বেরিয়ে এসেছে একথাও সে ফারদিনের পিসির সামনে দৃপ্ত ভঙ্গিতে জানায় সেই অজ্ঞাত পরিচয় স্বঘোষিত অপরাধী। এনজারের সাজায় তারা যে দ্রুত ব্যবস্থা নেবে তাও আদালত চত্বরে দাঁড়িয়ে সে নাকি মুক্ত কণ্ঠে ঘোষণা করে গিয়েছে। প্রাণভয়ে ভীত হয়ে রুবিনা ও হোসেনারা সহ ফারদিনের পরিবার বারাসাত এসপি অফিসে গিয়ে জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার সঙ্গে দেখা করে।

যাবজ্জীবন সাজার পরে হুমকি প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি অভিযোগ শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেবেন। তবুও আতঙ্ক কাটছে না সন্তানহারা মার। এর আগে হুমকির পরে খুন হতে হয়েছিল শিশু ফারদিনকে। এবার কী হবে ভেবেই আতঙ্ক।

আরও পড়ুন ভাইপোকে খু*ন : জেঠা এনজারের যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাসাত আদালত

About Post Author