Home » চা বাগানে আটকে হাতির দল, আতঙ্কে নাথুয়াহাট

চা বাগানে আটকে হাতির দল, আতঙ্কে নাথুয়াহাট

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা : মাঝেমাঝে ওরা জনপদে এলে আতঙ্ক সৃষ্টি হয়। এবার চা বাগানে আটকে হাতির দল,  আতঙ্কে নাথুয়াহাট। কাকভোরে নাথুয়াহাট বনাঞ্চল থেকে মরাঘাট বনাঞ্চলের দিকে যাওয়ার আগেই দিনের আলো উদয় হওয়ায় আটকে পড়ে প্রায় দশটি বুনো হাতির দল। দলে দুটি ছোট হাতিও রয়েছে। আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাতিগুলো পথ পরিবর্তন করে নাথুয়াহাট জলঢাকা আলতারডাঙ্গা চা বাগানে ঢুকে পড়ে এবং সেখানেই আটকে যায়।পরিস্থিতির ওপরে নজর বনদফতরের।

সাতসকালে চা শ্রমিকরা প্রতিদিনের মতো বাগানে কাজে গিয়ে হঠাৎই দেখতে পান যে, বিশাল হাতির দলটি বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তড়িঘড়ি তারা খবর দেন নাথুয়াহাট রেঞ্জ অফিস ও বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। খবর ছড়িয়ে পড়তেই হাতিগুলোকে দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনকর্মী ও বানারহাট থানার পুলিশ দ্রুত ভিড় সরিয়ে দেয়।

আরও পড়ুনতামিলনাড়ুতে কাজে গিয়ে মৃত্যু জলপাইগুড়ির এক মহিলার!

খুব একটা অসুবিধা সৃষ্টি না করে  চা বাগানের মাঝখানে থাকা একটি ছোট ঝোপে আশ্রয় নেয় হাতির দল, আর সেখান থেকে নড়ার নামগন্ধ দেখায় নি তারা।  বন দফতর হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।বনদফতর সূত্রে জানা গেছে, সূর্যাস্তের আগেই হাতিগুলোকে নিরাপদে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, তার জন্য পুরো এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। তবুও আতঙ্কে নাথুয়াহাট ।

আরও পড়ুন কেন উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান থেকে চিতাবাঘের দেহ উদ্ধার হচ্ছে?

About Post Author