দীপ সেন, সময় কলকাতা, ৪ মার্চ : মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। নিহত ১। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা।

বুধবার দুপুরে আচমকা একটি খাবারের দোকানে আগুন লাগে। সেখানেই প্রথমে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন একটি কাঠের গুদামে। গুদামের কাঠে আগুন ধরে যায় ও আগুন ভয়াবহ চেহারা নেয়। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের লাগোয়া অঞ্চলে ঘন জনবসতি থাকায় ছড়ায় আতঙ্ক ও চাঞ্চল্য। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল। মধ্যমগ্রামের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ তড়িঘড়ি চলে আসেন। প্রায় ঘন্টাখানেক ধরে দমকলের চেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে ।খাবারের দোকান থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে তিনি দোকানের একজন কর্মচারী। আশঙ্কা, আরও দেহ উদ্ধার হতে পারে কারণ ঘটনার পর থেকেই দোকানের মালিক কে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোকান সম্পূর্ণ ভস্মীভূত এবং দোকানে কিভাবে বিস্ফোরণ হল তা নিয়ে একাধিক সন্দেহ পোষণ করা হচ্ছে, অন্তত যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন । সরকারিভাবে কিছু না বলা হলেও আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আগুনের উৎস জানার জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। খাবারের দোকানে গ্যাসের সিলিন্ডার থেকে নাকি অন্য কোনও অজানা সন্দেহজনক উৎস থেকে আগুন লেগেছে কিনা বিষয়টি তদন্তসাপেক্ষ।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ছিন্ন-বিচ্ছিন্ন বাইক আরোহী
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?