সানি রায়, সময় কলকাতা, ১৬ এপ্রিল : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির মঙ্গলাকান্ত রায়কে মঙ্গলা গোঁসাই নামে এলাকার মানুষ চেনেন। ১৯৫২ সালে প্রথম যে বছর বঙ্গে ভোট হয় তখন তাঁর বয়স ছিল তিরিশ বছর। তাঁর বয়স ১০৪ বছর। বয়সে প্রবীণ সেজন্যই তাঁর খ্যাতি তেমনটা একেবারেই নয়। তিনি উত্তরবঙ্গের লোক সংস্কৃতি ও লোকসঙ্গীতে একটি প্রভাবশালী নাম। তিনি উত্তরবঙ্গের লোকসংগীত সংস্কৃতিকে সংরক্ষণ করেন, বিলুপ্তপ্রায় সারিন্দা যন্ত্র আজও বাজান, পাখিদের বোল তোলেন। বঙ্গরত্ন ও পদ্মশ্রী সম্মানে ভূষিত এই মানুষটি এবারও ভোট দিলেন বাড়িতে বসে।
নির্বাচন কমিশনের ‘ভোট অ্যাট হোম’ উদ্যোগের প্রযত্নে বাড়ি বসেই ভোট দিলেন মঙ্গলা গোসাঁই। প্রশাসনের এই তৎপরতায় খুশি শতায়ু এই মানুষটি।ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা ২০২৩ সালে পদ্মশ্রী প্রাপক মঙ্গলাকান্ত রায়। বয়স ১০৪ বছর হওয়া সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে তাঁর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নির্বাচন কমিশনের বিশেষ নিয়ম মেনে ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাঁর বাড়িতে পৌঁছে যান এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করেন। গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়া মঙ্গলা মশাই বঙ্গের নির্বাচনে একটি অন্য মাত্রা যোগ করলেন বৈকি!


More Stories
দিনহাটায় উদয়ন জিতবেন তো?
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
রাহুল কি মমতাকে ভয় পাচ্ছেন?