সানি রায়, উত্তরবঙ্গ প্রতিনিধি : উত্তরবঙ্গের চাষ শিল্পকে গড়ে তোলা হবে আসাম মডেলের অনুসরণ করে। আসাম মডেলের পদাঙ্ক অনুসরণ করার বিজেপির নবনির্বাচিত সরকারের বার্তা আশার আলো দেখাচ্ছে ডুয়ার্স-তরাইয়ের চা বলয়ে। বন্ধ বাগান খোলার দাবি যেন মান্যতা পাচ্ছে ।
উল্লেখ্য,উত্তরবঙ্গের চা শিল্পকে আসাম মডেলে গড়ে তোলার ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণার পর থেকেই এক নতুন আশার আলো দেখতে শুরু করেছেন তরাই ও ডুয়ার্স অঞ্চলের লক্ষাধিক চা শ্রমিক। মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির মধ্যেও ইতিবাচক সাড়া মিলেছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস অনুযায়ী শ্রমিকরা পাবেন , চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করে দৈনিক ২৮০ টাকা করা হবে।বাগান এলাকাগুলিতে আধুনিক মানের মডেল স্কুল তৈরি এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো গড়ে তোলা হবে।শ্রমিকদের জন্য বাড়তি একাধিক সামাজিক সুযোগ-সুবিধা চালু করা হবে।
বর্তমানে ডুয়ার্সের চা বলয় এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বহু বাগানের অবস্থা রুগ্ন। শ্রমিকদের নিয়মিত বেতন না পাওয়া এবং প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির মতো দীর্ঘদিনের বকেয়া পাওনা আটকে থাকা এখানে নিত্যদিনের সমস্যা।বিশেষ করে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের পাঁচটি প্রধান চা বাগান এখনও সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো – চুনাভাটি চা বাগান,চামুর্চি চা বাগান,ধরণীপুর চা বাগান,কিলকোট চা বাগান।
শ্রমিকদের অভিযোগ, বাগানগুলিতে হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসাকেন্দ্রের ভবন থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই পর্যাপ্ত ডাক্তার এবং জীবনদায়ী ওষুধ বা উন্নত পরিকাঠামো নেই। ফলে ছোটখাটো বা জরুরি চিকিৎসার জন্য তাঁদের মাইলের পর মাইল পেরিয়ে দূরের শহরে ছুটতে হয়। একই চিত্র শিক্ষার ক্ষেত্রেও; বিদ্যালয় থাকলেও সেখানে আধুনিক এবং মানসম্মত পঠনপাঠনের সুযোগ নেই বললেই চলে।এই পরিস্থিতিতে আসামের ধাঁচে পরিকাঠামো উন্নয়ন, দৈনিক ২৮০ টাকা মজুরি নিশ্চিতকরণ, উন্নত চিকিৎসা ও শিক্ষার অধিকার বাস্তবায়িত হলে শ্রমিকদের জীবনযাত্রার মান সম্পূর্ণ বদলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বন্ধ বাগানগুলি দ্রুত খোলার পাশাপাশি এই নতুন মডেল কার্যকর হলে ধুঁকতে থাকা উত্তরবঙ্গের চা শিল্প আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে এখন এই আশাতেই দিন গুনছেন বাগানবাসী।


More Stories
শিলিগুড়ির বিশ্ববাংলা লোগো ভাঙা পড়ল
সারিন্দার পাখি মঙ্গলাকান্ত গান ভুলেছেন অসুস্থতায়
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়